সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা স্কুল সার্ভিস কমিশনের। তার আগেই সেই তালিকা ফাঁস হয়ে গেল। সূত্রের খবর, ওই অযোগ্যদের তালিকায় তৃণমূলের অঞ্চল সভাপতির নাম রয়েছে। এমনকি এক বিধায়কের মেয়ের নামও রয়েছে বলে সূত্রের দাবি। আবার তৃণমূলের এক পূর্ত কর্মাধ্যক্ষের ছেলের নামও রয়েছে বলে জানা গেছে।
সূত্রের খবর, নবম-দশমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাগির প্রার্থীর সংখ্যা ৯৯৩ জন। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাগি প্রার্থীর তালিকা ৮১০ জন। এর মধ্যে নবম দশমে ওএমআর শিট জালিয়াতি করে চাকরি পেয়েছেন ৮০৮ জন। এছাড়া তালিকা জাম্প করে চাকরি পেয়েছেন বহু।
অযোগ্যদের তালিকা প্রকাশের জন্য শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। শীর্ষ আদালত জানিয়ে দেয়, ২৪ ঘণ্টার মধ্যে ওই তালিকা প্রকাশ করতে হবে। শুধু তা নয়, অযোগ্যরা কেউ যেন নতুন করে পরীক্ষায় বসতে না পারে সে ব্যাপারে হুঁশিয়ার করে দেয় আদালত। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। তার আগে বিচারপতিরা স্পষ্ট জানান, অযোগ্য কেউ যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে, তা নিশ্চিত করতেই হবে। আদালতের পূর্ব নির্দেশ অনুযায়ী, এর ব্যত্যয় হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন না, তাঁরা নথির হার্ড কপি জমা দিতে পারবেন।

Be the first to comment