রোজদিন ডেস্ক :
কলকাতায় দলের ব্রিগেড সমাবেশে এসে তিনি যেন সত্যের অপলাপ না করেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
দীর্ঘ এই চিঠির প্রতি ছত্রে প্রধানমন্ত্রীকে অত্যন্ত মার্জিতভাবে বিঁধেছেন তিনি। একের পর এক প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওঁর শাসনকালে নির্বাচন এলেই দেখা যায়, দেশে সেনারা শহিদ হন, আর সেই বলিদানকে ভাঙিয়ে মোদিজি নির্বাচনী বৈতরণী পার হয়ে যান। এবার যেন তা না হয়। এই ছাড়াও নোটবন্দি, কোভিডে প্রাণ হারানোদের জন্য কখনো দুঃখ প্রকাশ করেননি।
কোভিডের সময় থালা বাটি বাজানোর মত অবৈজ্ঞানিক কথা, দেশের কৃষক স্বার্থ বিকিয়ে দেওয়া, আমেরিকার কাছে বারবার নত হওয়া ইত্যাদি প্রসঙ্গ তুলে তীব্র কটাক্ষ করেন।
দিল্লির এআই সম্মেলনে প্রতিবাদকারীদের (যুব কংগ্রেস) দেশদ্রোহী বলে গ্রেফতার করার প্রসঙ্গ তুলে শুভঙ্কর সরকার বেদনার সঙ্গে বলেন, যখন হিংসা বিধ্বস্ত মণিপুরে মায়েদের বিবস্ত্র করে হাঁটানো হয়েছিল, তখন মোদিজি কোথায় ছিলেন? তখনই তো এই রাষ্ট্রের অপশাসন নগ্ন রূপে সারা বিশ্বের সামনে ফুটে উঠেছিল।
প্রধানমন্ত্রীর ব্যর্থ বিদেশ নীতির জন্যই দেশব্যাপী গ্যাস সঙ্কট তীব্র হয়েছে হয়েছে বলে তোপ দাগেন।।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, এই মাটি নেতাজি সুভাষ বসুর মাটি, যিনি শ্যামাপ্রসাদ মুখার্জির ঘৃণ্য সাম্প্রদায়িক রাজনীতিকে ঘৃণা করেন।।
এইদিনের ব্রিগেড শ্যামাপ্রসাদের ব্রিগেড মন্তব্য করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, যাঁরা নেতাজিকে ভালবাসেন তাঁরা এই ব্রিগেডকে ছুঁড়ে ফেলে দেবেন, এবং এই মিথ্যাচারের ব্রিগেড এই রাজ্যের মাটিতে বিজেপির শেষ ব্রিগেড হবে বলে মন্তব্য করেন তিনি।

Be the first to comment