রোজদিন ডেস্ক : উত্তর কলকাতার গিরিশ পার্কের উপর দিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বাস যাচ্ছিল ব্রিগেডের অভিমুখে। বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের অভিযোগ, শশী পাঁজার বাড়ির কাছ থেকে একদল তৃণমূল কর্মী তাঁদের বাসে ভাঙচুর চালায়। বাসের দরজা-জানলা-কাচ ভেঙে চুড়ে একাকার হয়ে গিয়েছে বলে দাবি বিজেপি কর্মী-সমর্থকদের। একাধিক বিজেপি কর্মী-সমর্থকের মাথা ফেটে গিয়েছে। তাঁদের কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্ত্রী শশী পাঁজার বাড়িতে আক্রমণ এবং তাঁর গায়ে আঘাত লাগে বলে অভিযোগ। মন্ত্রী শশী পাঁজা বলেন যে, যে ‘গো ব্যাক মোদি’, ‘বয়কট বিজেপি’ ইত্যাদি ফ্লেক্স লাগানো হয়েছিল, সেগুলি বিজেপির কর্মী সমর্থকরা ছিঁড়ে ফেলেছিলেন। তৃণমূলের কর্মীরা আবার সেগুলি লাগাতে যাওয়ার সময় ইঁট ছোড়ে বিজেপি কর্মীরা। এই দুই নিয়ে দু-তরফের বাদানুবাদ চরমে।
বিজেপি কর্মীদের ইঁটের আঘাতে স্থানীয় থানার ওসি আহত বলে অভিযোগ। ইতিমধ্যেই সিইও দফতর থেকে কলকাতা পুলিশ কমিশনারের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে।
এই ঘটনা পর তৃণমূল ভবনে টিএমসির তরফে ব্রাত্য বসু, শশী পাঁজা, ব্রাত্য বসু, সায়নী ঘোষ এবং কয়েকজন আহত তৃণমূল কংগ্রেস সমর্থকও উপস্থিত ছিলেন।

এই হামলাকে পরিকল্পিত বলে অভিযোগ করেছেন মন্ত্রী শশী পাঁজা। তাঁর অভিযোগ, বহিরাগতদের নিয়ে ব্রিগেডে সভা করছে বিজেপি। আর এই বহিরাগতরাই বাস থেকে নেমে আমার বাড়ির সামনে প্ল্যাকার্ড ছিঁড়ে পালিয়ে গিয়েছে। সাহস থাকলে সামনে দাঁড়িয়ে মোকাবিলা করুক। ইট ছুঁড়েছে, আমার বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে। তাঁর সংযোজন, লাঠি, বোমা, ইট, বোতল নিয়ে জনসভা করছে বিজেপি? শহরের রাজপথে তাণ্ডব চালাচ্ছে, ছাড় পেল না মহিলা পুলিশরাও। বাংলা দখল করতে গুন্ডারাজ চালাতে চাইছে বিজেপি, মানুষ বুঝে নেবে এই খুনি-গুন্ডাদের! এই ঘটনায় মন্ত্রী ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রী যখন একটা শান্তির বার্তা দিতে চাইছেন সেখানে বিজেপি এই ধরনের ঘৃণ্য আক্রমণ নামিয়ে আনছে। একজন মহিলার ওপর এই আক্রমণ! এরা কোনওকিছুই মানছে না। বাংলার মানুষ তাকিয়ে দেখুন বিজেপি ক্ষমতায় এলে ঠিক কী হবে!
দু-তরফেই তাঁদের কর্মীরা আহত বলে অভিযোগ করেন। হাসপাতালে আহত কর্মী-সমর্থকদের দেখতে উভয় দলের নেতৃত্ব যান বলেও জানা গেছে।
গিরিশ পার্কের ঘটনা সম্পর্কে বিজেপি নেতা সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে লেখেন, আজ ব্রিগেড প্যারেড ময়দানে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক ‘পরিবর্তন সংকল্প সভা’য় জনসমুদ্র দেখে রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বেহায়া ও নির্লজ্জ নেতৃত্ব যে কতটা আতঙ্কিত হয়ে পড়েছেন, তারই স্পষ্ট প্রমাণ মিলল উত্তর কলকাতার গিরীশ পার্ক এলাকায় ঘটে যাওয়া এই বর্বরোচিত আক্রমণের ঘটনায়। আজ ব্রিগেড ময়দান অভিমুখে যাত্রা করা ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকটি বাসকে লক্ষ্য করে রাজ্যের মন্ত্রী তথা উত্তর কলকাতার নেত্রী শশী পাঁজার নির্দেশে তাঁর ঘনিষ্ঠ কয়েকজন দুষ্কৃতী কাপুরুষোচিত হামলা চালায়। আমাদের কার্যকর্তাদের বাসগুলির দিকে প্রথমে ইট ও পাথর ছুঁড়ে আক্রমণ করা হয়, এরপর কয়েকজন কার্যকর্তাকে বেধড়ক মারধরও করা হয়েছে। আক্রমণকারীদের কয়েকটি নাম ইতিমধ্যেই আমাদের নজরে এসেছে — শক্তি সিং, রবি ওঝা, সুনন্দা সরকার, মোঃ মজিদ, জসমুদ্দিন এবং রাজেশ সিনহা। দুর্বৃত্ত তৃণমূলের এই গুণ্ডামি ইঞ্চিতে ইঞ্চিতে আমরা স্মরণে রাখছি। উপযুক্ত সময়ে এর প্রতিটির হিসেব হবে। পশ্চিমবঙ্গে বিজেপির প্রতিটি কার্যকর্তার উপর হওয়া প্রতিটি হামলার উপযুক্ত জবাব অবশ্যই দেওয়া হবে।

Be the first to comment