প্রতিবেদন: আচমকা দেশ জুড়ে খোলা বাজারে উর্ধ্বমূখী চিনির দাম (SUGAR PRICES HIKE)। বাজার বলছে গত তিন সপ্তাহে লাগামছাড়া ভাবে দাম বেড়েছে চিনির। কিলো প্রতি ৪৫-এর আশপাশেই ঘোরাফেরা করছিল চিনি। সেই চিনিই এখন ৭০-কোটা ছাড়িয়ে ৭৫-এর পথে। মাথায় হাত গরিব থেকে মধ্যবিত্তের। কপালে ভাঁজ মিষ্টি ব্যবসায়ীদের। ব্যবসা চলবে কীভাবে ভেবে পাচ্ছেন না তারা। তথ্য বলছে, গত তিন সপ্তাহে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রাশ টানতে এবার আসরে কেন্দ্রীয় সরকার। চিনি মূল্যবৃদ্ধি রুখতে এবার চিনি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যা কখনও করতে হয়নি। কারণ, দীর্ঘদিন ধরেই ভারত চিনি উৎপাদনে বিশ্বে দ্বিতীয়। ফলে এতকাল তার চিনি রফতানিই করেছে। কিন্তু এবার মূল্যবৃদ্ধি সামাল দিতে প্রথমবার চিনি আমদানি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে ১০ লক্ষ টন চিনি আমদানি করা হবে। এক দশকে এই প্রথম কেন্দ্রকে চিনি আমদানির সিদ্ধান্ত নিতে হল। সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এখন থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই পরিমান চিনি আমদানি করা হবে। অক্টোবর দেশে উৎসবের মাস। এই সময়ে চিনির চাহিদা আরও বাড়ে। সেই কারণেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। আমদানির পাশাপাশি চিনি মজুতের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। কেন্দ্রের ধারণা এর ফলে দাম অনেকটাই কমবে চিনির।

Be the first to comment