রোজদিন ডেস্ক : রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ ও পর্যবেক্ষণকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এইদিন সর্বোচ্চ আদালতের এক নির্দেশে রাজ্যের উচ্চ আদালতকে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বিষয়ে অগ্রাধিকার দিয়ে মামলার শুনানি করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একে স্বাগত জানিয়েছেন। তাঁর আশা, এর ফলে বিভিন্ন রাজ্যে আটকে থাকা বিপন্ন পরিযায়ী শ্রমিকদের সমস্যা মিটবে।
উল্লেখ্য, একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নানাভাবে হেনস্থার গুরুতর অভিযোগ উঠেছে। এমন কি অনেককে বাংলাদেশের অনুপ্রবেশকারী হিসাবে দাগিয়ে দিয়ে গ্রেফতার করা, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া ইত্যাদি অমানবিক নির্যাতনের খবর আসছে। যা নিয়ে রাজ্য রাজনীতি বেশ কিছুদিন ধরেই সরগরম। মুখ্যমন্ত্রী এর তীব্র ধিক্কার জানিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন। বিরোধী বামফ্রন্টও এর প্রতিবাদে মুখর। এইদিন শীর্ষ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে জানান, বিচার বিভাগের ওপর তাঁদের পূর্ণ আস্থা আছে। তাঁর আশা, এর ফলে রাজ্যের সব পরিযায়ী শ্রমিক তাদের সম্মান, মর্যাদা, ন্যায় বিচার পাবেন।
এই নির্দেশ সীমান্ত রাজ্য হিসাবে এই বাংলা যে অনেকের আশ্রয়, ভরসা, সংস্কৃতির আশ্রয় স্থল হয়েছে, তাও মান্যতা পেয়েছে বলে তিনি মনে করেন।
শীর্ষ আদালতের এই যুগান্তকারী নির্দেশে ভিন রাজ্যে (বিশেষত বিজেপি শাসিত) পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হবেন না বলে তাঁদের আশা।
রাজ্য পরিযায়ী শ্রমিক পর্ষদের পক্ষে সাংসদ সামিরুল ইসলামের দায়ের করা এই মামলায় শীর্ষ আদালতের নির্দেশ অনেকটাই স্বস্তি এনেছে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment