রোজদিন ডেস্ক : বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নতুন করে মামলা করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস। মামলাকারীদের দাবি, নির্বাচন কমিশন বলছে বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, অথচ তাদের কোনও বিবরণ দেওয়া হয়নি।
মামলাকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণের বক্তব্য ছিল, “৩২ লক্ষ ভোটার স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এ বিষয়ে অন্য কোনও বিবরণ দেওয়া হয়নি। তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটার কারা, কারা স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন, কারা মৃত, এই সব তথ্য প্রকাশ করা উচিত।”
গত ১০ আগস্ট এই মামলা চলাকালীন নির্বাচন কমিশন জানিয়েছিল, ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ পড়েছে, সেটার আলাদা করে তালিকা প্রকাশ করার কোনও নিয়ম নেই। সেই বক্তব্যের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট জানায়, “তালিকা যখন বুথস্তরে বিএলও-দের দেওয়া হচ্ছে তখন সেটা ওয়েবসাইটে প্রকাশ করতে সমস্যাটা কোথায়?” নির্বাচন কমিশন বলছে, “কোনও নাগরিকের মৌলিক অধিকার কোনও রাজনৈতিক দলের প্রতিনিধির উপর নির্ভরশীল হতে পারে না।”
সুপ্রিম কোর্ট এদিন জানায়, আপাতত ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ মানুষের নাম মঙ্গলবারের মধ্যে প্রকাশ করতে হবে। প্রত্যেক DEO-র ওয়েবসাইটে ওই এলাকার বাদ পড়াদের তালিকা প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, প্রত্যেক বিডিও এবং পঞ্চায়েত অফিসের নোটিস বোর্ডে বুথভিত্তিক বাদ পড়া ভোটারদের নাম কারণ-সহ প্রকাশ করতে হবে। যারা বাদ পড়েছেন, তাঁরা পালটা কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন।

Be the first to comment