জমি দখল-সহ একাধিক অভিযোগ, বেঙ্গালুরুতে পুলিশের জালে টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজি

Spread the love

প্রতিবেদন: এবার পুলিশের জালে টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা ফারুক গাজি। বেঙ্গালুরুতে তাকে গ্রেফতার করল পুলিশ। আজ মঙ্গলবার ট্রানজিট রিমান্ড করিয়ে তাকে কলকাতায় আনা হচ্ছে। এই ফারুক গাজি টাকি পুরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পুরসভার ভাইস চেয়ারম্যানও ছিলেন। তার বিরুদ্ধে অন্যের জমি-বাড়ি দখল, নদীর চর দখল করে।বেআইনি নির্মাণ, সরকারি জমি দখল করে হোটেল বানানো, আবাসের কাটমানি নেওয়া-সহ ভুরি ভুরি অভিযোগ রয়েছে। পালাবদলের পর তিনি রাজ্য ছেড়ে পালিয়ে বেঙ্গালুরুতে গা ঢাকা দেন। তবে শেষরক্ষা হল না। টাকি পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যানকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। সরকারি সম্পত্তি থেকে অন্যের জমি দখল এবং আর্থিক দুর্নীতির নানা অভিযোগে তার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি কর্নাটক পুলিশের সহযোগিতায় বেঙ্গালুরুতে ফারুকের খোঁজ চলছিল। সোমবার রাতে বেঙ্গালুরুর একটি বাড়িতে হানা দেয় দুই রাজ্যের পুলিশের একটি দল। রাতেই গ্রেফতার করা হয় তাঁকে। মঙ্গলবার বেঙ্গালুরুর স্থানীয় আদালতে হাজির করিয়ে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে। কলকাতা থেকে হাসনাবাদ থানায় নিয়ে আসা হবে ফারুককে। অভিযোগ, টাকির রাজ পরিবারের সদস্য প্রবীর রায়চৌধুরীর একটি বাড়ি জোর করে দখল করে ফারুক ও তার দলবল।এরপরই ফারুকের বিরুদ্ধে হাসনাবাদ থানায় তাঁদের বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ করেন তিনি। এর পাশাপাশি ফারুকের বিরুদ্ধে একাধিক দুর্নীতি, তোলাবাজি ও হুমকির অভিযোগ ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*