রোজদিন ডেস্ক :
দীর্ঘ প্রায় দু-দশক পর তাঁর প্রিয় শহর কলকাতায় এলেন বিখ্যাত লেখক তসলিমা নাসরিন। পরণে লাল পাড় সাদা শাড়ি, কপালে লাল টিপ দৃপ্ত ব্যক্তিত্বে সমুজ্জ্বল তসলিমা নাসরিনকে স্বাগত জানাতে বহু বিশিষ্ট ব্যক্তি বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এখানে নেমেই খুশিতে উজ্জ্বল তসলিমা নিজের অনুভবের কথা জানিয়ে বলেন, মনে হচ্ছে তিনি নিজের দেশে ফিরলেন!

মৌলবাদীদের রক্তচক্ষুর রোষে পড়ে এই শহর তিনি ছাড়তে বাধ্য হয়েছিলেন, তৎকালীন বাম সরকার কার্যত তাঁকে যেতে বাধ্য করেছিল, বেদনাহত মনে চলে গেছিলেন তিনি।
পরিবর্তনের এই রাজ্যে ফের তিনি এলেন। তাঁকে ঘিরে উচ্ছাস, আনন্দে আপ্লুতও হলেন।
কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে নিয়ে আসা হয়। বিশিষ্ট লেখক মোহিত রায়, আইনজীবী শিউলি কুন্ডু সহ তাঁকে কলকাতা আনার আয়োজক সংগঠনের সদস্যরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। আগামীকাল তিনি রবীন্দ্র সদনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন।
দক্ষিণ কলকাতার এক পাঁচ তারা হোটেলে তিনি থাকবেন বলে জানা যায়।
আগামীকালের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিশিষ্ট লেখক শীর্ষেন্দু মুখার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকার কথা আছে।
প্রিয় লেখক আসায় খুশি তাঁর গুণমুগ্ধ অনুরাগীরাও।

Be the first to comment