টুলু মন্ডলের দুর্নীতি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমর্থন ছাড়া হতে পারে না, তোপ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :

বীরভূমে পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের বিশাল সাম্রাজ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমর্থন ছাড়া হতে পারে না বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ নবান্নে তিনি সাংবাদিক বৈঠকে পলাতক মহম্মদ নাজিমুদ্দিন ওরফে টুলু মন্ডলের বিশাল সম্পত্তির কথা জানান। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ওঁর সমর্থন ছাড়া এত বড় দুর্নীতি হতে পারে না। আগের আমলে নবান্নের চোদ্দ তলা থেকে সব নির্দেশ যেত বলে জানান। টুলু মন্ডল বিদেশে পালিয়েছেন। তাঁর ২১টি সম্পত্তির হদিশ মিলেছে।

পলাতক টুলু মন্ডল যে ভাবে বিপুল সম্পত্তি করেছেন, এতে দৃশ্যত স্তম্ভিত মুখ্যমন্ত্রী নিজে ও। ওঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৯৩ কোটি টাকার হদিশ মিলেছে। অডি, বি এম ডব্লিউ সহ ২৪২ টি গাড়ি আছে টুলু মন্ডলের।

আছে ৩০০ বিঘা জমি। আছে ৮৩ টি ট্রাক, ডাম্পার ইত্যাদি। বিপুল দুর্নীতির মাধ্যমে এই বিপুল সম্পত্তি হয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এর সঙ্গে যে বা যারা যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

আজ টুলু মন্ডলের সম্পত্তির বিবরণ দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, নগদ ৫৩ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ২৬৮ গ্রাম সোনা, ৪০০ গ্রাম রূপো, ৬৩ গ্রাম প্লাটিনাম পাওয়া গেছে। এই ছাড়া মিলেছে ৩ টি টাকা গোনার মেশিন, কম্পিউটার, সি পি ইউ, ২ টি পেন ড্রাইভ।একদিনে এত সম্পত্তি হয় না বলে তিনি জানান। এর সঙ্গে আরও অনেকে জড়িত। তাঁর ৭ টি বাড়ি, ১টি ফার্মহাউস,২ টি পেট্রোল পাম্প, ১ টি পার্কিং , ২ টি ক্রাশার এর হদিশ ও পাওয়া গেছে।

তবে এই নিয়ে জেলাশাসক, পুলিশকে দোষ দেননি তিনি। পরন্তু পুলিশের কাজের প্রশংসা করেন তিনি।

জানান, সরকারকে দিনের পর দিন কর ফাঁকি দিয়ে যেভাবে এই সব হয়েছে, তা আর চলতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী পরিস্কার জানিয়ে দেন।

উল্লেখ্য, গত বুধবার থেকে টুলু মন্ডলের আত্মীয় মিনার মন্ডলের বাড়ি হানা দিয়ে কোটি কোটি টাকা, বিপুল সোনা উদ্ধার করেছে পুলিশ। যা নিয়ে তোলপাড় উঠেছে রাজ্যে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টুলু মন্ডলের সুবিশাল সম্পদের বিবরণ দেন।

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*