রোজদিন ডেস্ক : শনিবার অমিত শাহের বঙ্গ সফর শুরু হতেই শাহী অস্ত্রে তাঁর বিরোধিতায় আসরে নামল তৃণমূল। যে অমিত শাহ ২০২১ সাল থেকে বাংলায় সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বলে মিথ্যা অভিযোগ তুলে বাজার গরম করতে নেমেছিলেন, সেই শাহই এবার এমন এক মাঠে সভা করছেন যেখানে স্থানীয়দের সরস্বতী পুজো করার অনুমতি দেওয়া হয় না বলে অভিযোগ। এই মাঠে স্থানীয়দের ব্যবহারের দাবিতে ধরনা অবস্থানের কথাও ঘোষণা করল তৃণমূল। শনিবার বেলার দিকে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে এই সভা নিয়ে শাহ ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দুদিনের বঙ্গ সফরে শনিবার ব্যারাকপুরের আনন্দপুরীর প্রগতি মাঠে সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মাঠ বেশ কয়েক বছর ধরেই বিজেপি-তৃণমূল দুই দলের টার্গেট। এই মাঠে অনুষ্ঠান করা নিয়ে দুই রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিও তৈরি হয়েছে অতীতে। সম্প্রতি বিজেপি নেতা অর্জুন সিংয়ের অনুগামীরা এই মাঠে যে কোনও অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সরস্বতী পুজো পর্যন্ত এই মাঠে আর হয় না।
তৃণমূলের অভিযোগ, এমন একটি জায়গায় সভা করে অমিত শাহ ফের প্রমাণ করে দিচ্ছেন তিনি আদতে বাংলা বিরোধী। বাংলার নামে অপপ্রচারই তাঁর লক্ষ্য। সাংবাদিক বৈঠকে সাংসদ পার্থ ভৌমিক বলেন, যে মাঠে আজ খেলা বন্ধ করে, সরস্বতী পুজো বন্ধ করে অমিত শাহ আজ কর্মিসভা করছেন, সেখানে অন্য কোনও দলকে অনুমতি দেন না। ওখানেই আগামী ১০ ফেব্রুয়ারি তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি আবেদন করেছে একটি গণ অবস্থানের। যারা ওই মাঠে খেলাধূলা করত, সরস্বতী পুজো করত তাঁদের নিয়ে অবস্থানে বসা হবে। আমরা দেখি অনুমতি দেওয়া হয় কি না।

Be the first to comment