চিট ফান্ডের নামে প্রতারণা, গ্রেফতার TMC নেতার ছেলে

Spread the love

রোজদিন ডেস্ক : গতকালই পুত্রর হয়ে ক্ষমা চেয়েছিলেন তিনি। সাড়ে তিনশো কোটি টাকার প্রতারণা র অভিযোগ উঠেছে আসানসোলে শাসকদলের  (TMC) বিশিষ্ট নেতা শাকিল আহমেদের পুত্র তহসিন আহমেদের বিরুদ্ধে।
আজ তহসিন ঝাড়খন্ডে পলায়নের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে ৩১ লক্ষ টাকার বেশি দামের সোনা ও উদ্ধার করেছে পুলিশ। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য দেখা দিয়েছে।

শাকিল আহমেদ টিএমসি-র পশ্চিম বর্ধমানের সংখ্যালঘু শাখার প্রাক্তন সহ সভাপতি ছিলেন। তাঁর পুত্রর এই ভাবে সাড়ে তিনশো কোটি টাকার প্রতারণায় নাম জড়ানোয় অস্বস্তিতে স্থানীয় টিএমসি নেতৃত্ব। প্যাঁচে পড়ে তাঁরা শাকিলের সঙ্গে এখন দলের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন।
সূত্রের খবর, বামফ্রন্ট আমলে শরিক ফরওয়ার্ড ব্লক দলের পুর প্রতিনিধি ছিলেন শাকিল আহমেদ। রাজ্যে পরিবর্তনের সরকার আসার পর শাসক দলে যোগ দেন। এলাকায় পরিচিত মুখ এই নেতার পুত্রের নাম চিট ফান্ডের কেলেঙ্কারিতে জড়ানোয় অস্বস্তিতে দলও। টাকা জমা রেখে মোটা টাকার সুদ দেওয়ার কারবার ফেঁদেছিলেন তহসিন। প্রথম দিকে গ্রাহকরা তাঁর কথা মত ভাল সুদও পেতেন। চলতি বছরের মার্চ মাসের পর থেকেই এতে ভাঁটা পড়ে। বকেয়া পড়তে থাকে সুদ।বারবার আর্জি জানিয়ে বিনিয়োগকারীদের অনেকেই আসল টাকাও ফেরত না পাওয়ায় ক্রমেই ক্ষোভ বাড়তে থাকে। ক্রমে তাঁরা প্রতারিত হয়েছেন উপলব্ধি করতে পারেন।প্রায় আড়াই হাজার বিনিয়োগকারীর সুদে আসলে টাকার পরিমাণ চারশো কোটি টাকার বেশি বলে অনুমান করা হচ্ছে। এই বিষয়ে তাঁদের অনেকে শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছে দরবারও করেন বলে প্রকাশ। আজ তহসিন ঝাড়খন্ডের দিকে যাচ্ছেন বলে খবর পায় পুলিশ। তড়িঘড়ি তাঁকে গ্রেফতার করা হয়। তদন্ত চলছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*