উন্নাও, সেঙ্গারের জামিনে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত

Spread the love

রোজদিন ডেস্ক : দেশব্যাপী তোলপাড় তোলা উন্নাও গণধর্ষণ কান্ডের মূল অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গারের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। গত সপ্তাহে দিল্লি উচ্চ আদালত তাঁর জামিন মঞ্জুর করার পর নির্যাতিতা, তাঁর পরিবার সহ একাধিক ব্যক্তি, সংগঠন এই নির্দেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ-এ ফেটে পড়েন। দিল্লির উচ্চ আদালতের সামনেও তুমুল বিক্ষোভ দেখানো হয়। এই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে যায় তদন্তকারী সংস্থা সিবিআইও। আজ শীর্ষ আদালতে এই অত্যন্ত স্পর্শকাতর, গুরুত্বপূর্ণ মামলার শুনানির দিকে তাকিয়ে ছিল সারা দেশই।
শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে শুনানিতে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি আর এক অপরাধে দোষী সাব্যস্ত। এই বিষয়টি মাথায় রেখে তাঁরা দিল্লি উচ্চ আদালতের গত ২৩ ডিসেম্বরের নির্দেশে স্থগিতাদেশ দিচ্ছেন বলে জানিয়ে দেন।
প্রধান বিচারপতি সূর্যকান্তর এই নির্দেশে আপাতত কিছুটা হলেও স্বস্তিতে নির্যাতিতা ও তাঁর পরিবার। আগামী জানুয়ারি মাসে ফের এই মামলার শুনানি হবে। আজকের এই রায়ের পর নির্যাতিতার আইনজীবি বলেন, কোনও অবস্থাতেই যে অভিযুক্ত ছাড়া পেতে পারেন না, শীর্ষ আদালত তা স্পষ্ট করে দিয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে উন্নাও-এ চারবারের বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে দেশব্যাপী তোলপাড় ওঠে। নির্যাতিতা তখন নাবালিকা ছিলেন। চাপে পড়ে বিজেপি তাঁকে দল থেকে বহিষ্কার করে। মামলার তদন্ত ভার নেয় সিবিআই। নিম্ন আদালতের নির্দেশে দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়কের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান কুলদীপ সিং সেঙ্গার। গত সপ্তাহে সেখানে তাঁর সাজা মকুব ও জামিনের নির্দেশ দেওয়া হয়। যদিও নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনায় সাজাপ্রাপ্ত সেঙ্গারের কারামুক্তি হয়নি। কিন্তু ধর্ষণের মামলায় তাঁর জামিন ও সাজা মকুব নিয়ে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া হয়। নির্যাতিতা ও তাঁর পরিবারের পাশে দাঁড়ান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ বহু মানুষ ও সংগঠন। সিবিআইও এই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে যায়। আজ প্রধান বিচারপতি সূর্যকান্তর নির্দেশে অনেকটাই স্বস্তি পেলেন তাঁরা সবাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*