রোজদিন ডেস্ক : বহুতল ভবন ও আবাসনগুলিতে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা নিয়ে পশ্চিমবঙ্গ থেকে কোনও প্রস্তাব না আসায় ক্ষোভ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্য থেকে নতুন বুথ তৈরির বিষয়ে কোনও আবেদন পাঠানো হয়নি। বিষয়টিকে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। কমিশন স্পষ্ট জানিয়েছে জনপ্রতিনিধিত্ব আইনে জেলা নির্বাচনী আধিকারিকদের দায়িত্ব ও কর্তব্য স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। প্রয়োজন থাকা সত্ত্বেও যদি কোনও এলাকায় ভোটকেন্দ্র না থাকে, তবে তার দায় জেলা নির্বাচনী আধিকারিকদেরই নিতে হবে। এই কারণে রাজ্যের সমস্ত ডিইও-দের প্রতি কড়া বার্তা দিয়েছে কমিশন। কমিশন আরও জানিয়েছে, রাজ্যে বিধানসভা ভিত্তিক খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রতিটি জেলায় নতুন করে সমীক্ষা করতে হবে। বিশেষ করে বহুতল ভবন, হাউজিং সোসাইটি, রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পরিচালিত কলোনি, বস্তি এলাকা এবং গেটেড সোসাইটিগুলিতে বুথের প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে হবে। যেখানে সমীক্ষায় দেখা যাবে ২৫০টি বাড়ি বা ৫০০ জন ভোটার রয়েছে, সেখানে আলাদা ভোটগ্রহণ কেন্দ্র তৈরির প্রস্তাব দিতে হবে।

Be the first to comment