আশঙ্কাটা আগেই করা হয়েছিল। ইয়াসের ল্যান্ডফলের পরই প্রভাব পড়তে শুরু করেছিল সুন্দরবন জঙ্গলেও। হাওয়ার দাপট ছিল প্রবল। গ্রামবাসীদের দুর্ভোগ আরও বাড়িয়ে জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়ল বাঘ। আতঙ্ক ছড়িয়েছে কুলতুলির মৈপীঠ উপকূল থানা এলাকায়। জাল ও ঘুমপাড়ানি বন্দুক নিয়ে রওনা দিয়েছেন কুলতলি বিট অফিসের বনকর্মীরা।
ডিএফও মিলন মন্ডলের নেতৃত্বে একটি কুইক রেসপন্স টিম পুরো জেলার পরিস্থিতির ওপর নজর রাখছেl কুলতলি এলাকায় ক্ষয়ক্ষতির দিক মাথায় রেখে অরণ্যপ্রহরী নামের একটি বড় বোট মোতায়েন রয়েছে। সেই বোটে থাকবে ১৮ জন সদস্য। তাঁরা দ্রুত এলাকায় গিয়ে ভেঙে পড়া ফেন্সিং দ্রুত মেরামত করবেন কিন্তু গোটা গ্রাম এই মুহূর্তে জলমগ্ন। গ্রামবাসীরা তাঁদের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছেন। একাধিক বাড়ি ভেঙে পড়ারও খবর রয়েছে। এই পরিস্থিতিতে বাঘ কোথায় লুকিয়ে, তা নিয়ে সন্ধিহান বনকর্মীরাও।
ইয়াসের তাণ্ডবে সুন্দরবনে প্রবল জলোচ্ছ্বাস তৈরি হয়েছে। হু হু করে গ্রামে ঢুকছে জল। তার ওপর বাঘের আতঙ্কে দিশেহারা গ্রামবাসীরা। পাথরপ্রতিমা, ফ্রেজারগঞ্জেও গ্রাম জলমগ্ন। নদীবাঁধগুলিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। রাত ৯টায় ফের কোটাল। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।

Be the first to comment