চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা সংক্রান্ত মামলার রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট, পরবর্তী শুনানি বৃহস্পতিবার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- “সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য সব সংস্থা। কোন ক্ষমতা বলে নতুন স্কিম আনা হচ্ছে? এত তাড়াহুড়োই বা কীসের?” রাজ্যের সিদ্ধান্তে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের যে ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল সেই নিয়ে রায়দান আপাতত স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।
সুপ্রিম কোর্টের রায়ে দুর্নীতির অভিযোগে চাকরি হারানোর পর, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীদের বিশেষ স্কিমে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এদিন ছিল সেই মামলার শুনানি। মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করার পরেও কী ভাবে কর্মীদের পাশে দাঁড়ানোর নাম করে রাজকোষের টাকা ব্যয় করা হচ্ছে? অন্যদিকে, বিকাশের এই মন্তব্যের পর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ হয়।’
দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা অ্যাডভোকেট জেনারেলের দিকে বেশকিছু প্রশ্ন ছুড়ে দেন। তিনি জানতে চান, ‘যারা ভাতা পাবেন তারা কি বাড়িতে বসেই টাকা পাবেন? নাকি কিছু কাজ করে ভাতা পাবেন? ২০-২৫ হাজার টাকার অঙ্কটা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে? কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন? অতীতে কোন কোন ঘটনায় এভাবে রাজ্য আর্থিক সাহায্য করেছে? তাহলে কি সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর ওনারা টাকা পেতেই থাকবেন?’
এরপর এদিন আড়াইটের পর আবার এই মামলা শোনেন বিচারপতি অমৃতা সিনহা। আপাতত এনিয়ে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*