রোজদিন ডেস্ক, কলকাতা:– ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্ততা করেছিল ওয়াশিংটন আগেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাই সক্রিয় ভূমিকা নিয়ে দক্ষিণ এশিয়ার বিবাদমান দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ থামিয়ে দেয়।
বুধবার সাংবাদিক বৈঠক করে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, ট্রাম্পের আগ্রহেই তাঁর সঙ্গে আজ প্রধানমন্ত্রী মোদীর ৩৫ মিনিট ফোনে কথা হয়। সেই ফোনালাপে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমেই হয়েছিল। ওই গোটা ঘটনাক্রমের সঙ্গে ভারত-আমেরিকা বাণিজ্য বা আমেরিকার মধ্যস্ততার মতো বিষয় ছিল না।
এদিন বিদেশ সচিব স্পষ্ট করে বলেন, “এই ফোনালাপে কোনও বাণিজ্যিক আলোচনা হয়নি। শুধু ভারতীয় অভিযানের রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপট নিয়েই কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে। প্রধানমন্ত্রী মোদী আরও একবার জোর দিয়ে বলেছেন, ভারতের অবস্থান বরাবরই স্পষ্ট— কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না”।
বিদেশ সচিব এও জানান, প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে এও জানিয়েছেন, গত ৯ মে রাতে মার্কিন উপ রাষ্ট্রপতি জেডি ভান্স তাঁকে ফোন করেছিলেন, ভান্স তাঁকে জানিয়েছিলেন, পাকিস্তান বড় হামলা করতে পারে। উত্তরে প্রধানমন্ত্রী বলেছিলেন, তাহলে ভারত আরও বড় জবাব দিতে প্রস্তুত।

Be the first to comment