রোজদিন ডেস্ক ,কলকাতা:- শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন। সেই উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ”দীর্ঘদিন ধরে তিনি যে ধৈর্য, দৃঢ়তা আর শালীনতার সঙ্গে দেশের সর্বোচ্চ পদকে মর্যাদা দিয়ে চলেছেন, তা নিঃসন্দেহে অনুকরণীয়। রাষ্ট্রপতির জন্মদিনে প্রার্থনা – সুস্থতা, শান্তি ও সাফল্যে ভরে উঠুক তাঁর জীবন। দেশসেবায় তাঁর নিষ্ঠা আমাদের পথ দেখাক আরও অনেকদিন।”
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ”জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি সুস্থ থাকুন, ভাল থাকুন। আগামী দিনে তাঁর যে কোনও কাজ সাফল্য পাক।”
১৯৯৭ সাল থেকে শুরু হয় তাঁর রাজনৈতিক জীবন। ২০০০ ও ২০০৪ সালে রায়রংপুর থেকে বিধায়ক নির্বাচিত। নবীন পট্টনায়েক সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বেও ছিলেন। ২০০৭ সালে ওড়িশা বিধানসভায় সেরা বিধায়কের হিসাবে ‘নীলকণ্ঠ পুরস্কার’ লাভ। ২০১৫ সালে তিনি ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল নির্বাচিত হন। ২০২১ পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন। এরপর ২০২২ সালে ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

Be the first to comment