রোজদিন ডেস্ক, কলকাতা:- কসবায় আজ এক তরুণীকে গণধর্ষণের ঘটনা সামনে আসতেই রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফেও সরাসরি ও কড়া ভাষায় প্রতিক্রিয়া এসেছে। শুক্রবার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
তিনি স্পষ্ট লেখেন, “কসবার ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করছি। এসব জানোয়ারকে মেরে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত। পুলিশ এদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক।”
এই বক্তব্যে যেমন তাঁর ক্ষোভ স্পষ্ট, তেমনই দলের অবস্থানও কঠোরভাবে তুলে ধরেছেন কুণাল। তাঁর মতে, এরকম নৃশংস অপরাধ শাসক দলের কাছে কোনোভাবেই বরদাস্তযোগ্য নয়। তিনি মনে করিয়ে দেন যে অতীতে সিপিএমের জমানাতেও এমন বহু ঘটনা ঘটেছে, আবার বিজেপি শাসিত রাজ্যগুলিতেও এই ধরনের ঘটনা কম নয়। তাই বিরোধীদের কাছে নীতিগতভাবে এমন ঘটনার বিরুদ্ধে কথা বলার অধিকার নেই।
তবে এখানেই থেমে থাকেননি কুণাল। তিনি নিজের দল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরের দিকেও সতর্কবার্তা দিয়েছেন। তাঁর কথায়, “আমাদের চূড়ান্ত সতর্কতা দরকার। এইসব ছেলে কখন কোন সময় কিছুকালের জন্য দলের কাছাকাছি এসে তারপর নিজেদের মত চলবে, সমাজটাকে কলঙ্কিত করবে, এতে সকলের সতর্কতা দরকার।”

Be the first to comment