রোজদিন ডেস্ক, কলকাতা:- দক্ষিণ কলকাতার কসবা আইন কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনায় গোটা রাজ্য জুড়ে তীব্র উত্তেজনা। সেই উত্তেজনার মাঝে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও কামারহাটির বিধায়ক মদন মিত্রকে শোকজ করা হয়। কারণ, তিনি গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার চালচলন নিয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ উঠেছিল।
তাঁর এই মন্তব্যের জেরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি রবিবার তাঁকে শোকজ চিঠি পাঠান। ওই চিঠিতে তিনদিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।
এবার সেই শোকজের জবাব দিলেন মদন মিত্র। জানা গেছে শোকজের জবাবে এক চিঠি লিখে মদন মিত্র জানান, “আমার কথায় দলের ভাবমূর্তিতে যদি কোনওরকম ক্ষতি হয়ে থাকে, আমি অত্যন্ত দুঃখিত এবং নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করছি।”
তিনি আরোও বলেছেন, ভবিষ্যতে দলের শৃঙ্খলা মেনে চলবেন এবং সতর্কতার সঙ্গে কথা বলবেন। এই ঘটনার মধ্য দিয়ে তিনি বুঝতে পেরেছেন, দলের ভাবমূর্তি রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ।

Be the first to comment