রোজদিন ডেস্ক, কলকাতা:- কার হাতে বঙ্গ বিজেপির ব্যাটন উঠবে? এই নিয়ে সমস্ত জল্পনার অবসান। জানা গেল সভাপতির নাম। গুঞ্জন শোনা যাচ্ছিল আগে থেকেই। এবার সেই নামেই পড়তে চলেছে শিলমোহর। দিল্লি থেকে ফিরে রাজ্য সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিতে যাচ্ছেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
সূত্রের খবর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই শমীক আজ মনোনয়ন জমা দিচ্ছেন। ইতিমধ্যেই বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমে বলেছেন, ‘সহমতের ভিত্তিতেই আমাদের পার্টি চলে। ফলে একটি নামই হবে বলে আমার বিশ্বাস। পার্টি যাঁর নাম ঠিক করবে, তিনিই নমিনেশন দেবেন।’ ফলে শমীক ছাড়া অন্য কেউ মনোনয়ন দেবেন বলে মনে করছে না দলের প্রায় সকলেই। তবে কেউ যদি মনোনয়ন দেন, সে ক্ষেত্রে ভোটাভুটি হবে।
ইতিমধ্যেই সল্টলেকে বিজেপির অফিসে নেতৃত্ব, কর্মীরা আসতে শুরু করেছেন। দুপুর ২টো থেকে ৪ পর্যন্ত নমিনেশনের সময়সীমা নির্ধারিত হয়েছে। এর পরে বিকেল ৫টায় স্ক্রুটিনি। সুনীল বনশল, সুকান্ত মজুমদার, জ্যোতির্ময় সিং মাহাতো, জগন্নাথ চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষের মতো বিজেপি নেতারা ইতিমধ্যেই হাজির হয়েছেন সল্টলেকের অফিসে।

Be the first to comment