রোজদিন ডেস্ক, কলকাতা:- গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল লিভারপুলের স্ট্রাইকার দিয়োগো জোতার। জানা গেছে স্পেনে এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। দু’সপ্তাহ আগেই বিয়ে করেছিলেন দীর্ঘ দিনের বান্ধবী রুতে কার্দোসোকে। বয়স হয়েছিল ২৮ বছর।
সূত্রের খবর, জোতার সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর ভাই আন্দ্রে। স্থানীয় সময় বুধবার রাত ১২.৪০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বিলাসবহুল গাড়িতে ভাইয়ের সঙ্গে যাচ্ছিলেন তিনি। অন্য একটি গাড়িকে পিছনে ফেলতে গিয়ে জোতাদের গাড়িটি উল্টে যায়। গাড়ির চাকা ফেটে আগুন ধরে যায়। সেখান থেকে গোটা গাড়িয়ে আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। স্থানীয় প্রশাসন সমাজমাধ্যমে দু’জনের মৃত্যুর কথা জানিয়েছে। জ়ামোরা প্রদেশের সের্নাদিলা অঞ্চলে গাড়ি দুর্ঘটনাটি হয়েছে। আন্দ্রে পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাবে খেলতেন।
২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। তার পরেই তৎকালীন কোচ জুরগেন ক্লপের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। নিয়মিত প্রথম একাদশে সুযোগ পেতে থাকেন। গত মরসুমে লিভারপুলের লিগ জয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২৬টি ম্যাচ খেলেছিলেন তিনি।

Be the first to comment