রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। মোদী সরকারকে চাপে ফেলতে এই অধিবেশনে একাধিক ইস্যুতে কৌশল ঠিক করে ফেলেছে বিরোধীরা।
প্রথম দিনই সংসদে প্রধানমন্ত্রী মোদী বক্তব্য রাখবেন। সরকার কী কী আইন পাশ করাতে চায়, সেই কর্মসূচির রূপরেখা তুলে ধরবেন তিনি। এই অধিবেশনই হবে পহেলগামে ২২ এপ্রিলের হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথম সংসদ অধিবেশন। তাই আলোচনার কেন্দ্রে থাকবে এই বিষয়দুটিও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার অবশ্য জানিয়েছে, তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে বিরোধীদের মূল লক্ষ্য হবে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের একাধিক মন্তব্য, বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া, পহেলগাম হামলার ত্রুটি এবং সাম্প্রতিক এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা।
বিরোধীদের অন্যতম হাতিয়ার হবে আমদাবাদে হওয়া এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনাও। যেখানে ২৬০ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক রিপোর্টে যদিও দায় চাপানো হয়েছে পাইলটদের ঘাড়ে, বিরোধীরা চাইছে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট বক্তব্য। সরকারি সূত্রে খবর, এসব বিতর্কিত ইস্যুতে সরাসরি মুখ খুলবেন না প্রধানমন্ত্রী। কারণ সপ্তাহের শেষেই তিনি তিন দিনের ব্রিটেন সফরে যাচ্ছেন, যেখানে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর হবে। এরপর তাঁর গন্তব্য মালদ্বীপ।

Be the first to comment