তৃণমূলের শহীদ দিবসের দিন রাস্তা থেকে উধাও সরকারি বেসরকারি বাস, ভোগান্তির শিকার নিত্য যাত্রীদের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সপ্তাহের প্রথম কর্মদিবসে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। বিভিন্ন জেলা থেকে কলকাতায় ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছেন ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা। আর ২১ জুলাইয়ের সভার জন্য তুলে নেওয়া হয়েছে প্রচুর সরকারি-বেসরকারি বাস। যার ফলে ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা। একই চিত্র ফুটে উঠছে জেলায় জেলায়।
হাওড়া স্টেশন থেকে কার্যত উধাও হয়ে গিয়েছে সরকারি বাস। যার জেরে অফিস টাইমে বাস পেতে নাজেহাল হতে হয়েছে যাত্রীদের।


যে ক’টি হাতেগোনা বাস চলছে মধ্য কলকাতায়, সেগুলিতে প্রচুর ভিড়। অনেকে উঠতে পারছেন না। শিয়ালদহ থেকে মৌলালির রাস্তায় যানজট রয়েছে। শিয়ালদহের এনআরএস হাসপাতালের সামনে দাঁড়িয়ে এক মহিলা জানান, তিনি জগদ্দল থেকে এসেছেন। যেতে চান কমান্ড হাসপাতালে। কিন্তু আধঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়েও কোনও গাড়ি পাচ্ছেন না। সল্টলেক থেকে মেট্রোয় শিয়ালদহ পর্যন্ত পৌঁছেছেন বিনীতা সিংহ। কিন্তু সেখান থেকে মিন্টোপার্ক পর্যন্ত আর যেতে পারছেন না। বাস নেই। এমনকি, অ্যাপ ক্যাবও মিলছে না বলে দাবি। হাতিবাগান থেকে শোভাবাজার পর্যন্ত অটোতে আসতে পারলেও ডালহৌসির বাস পাচ্ছেন না, জানান আর এক নিত্যযাত্রী। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে তিনি দাঁড়িয়ে ২০ মিনিটের বেশি।
অন্যদিকে, ২১ জুলাই তৃণমূলের সভাকে কেন্দ্র করে শহরে ভিড় রয়েছে। তবে মধ্য কলকাতায় যানজট নেই এখনও। ধর্মতলা, রাজভবনের দিক থেকে মা উড়ালপুলের দিকের রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে। শেক্সপিয়ার সরণি অন্যান্য দিনের তুলনায় ফাঁকা। একাধিক রাস্তায় পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। গাড়ি অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় বাস বা গণপরিবহণ বেশ কম। এর ফলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। যাঁরা বাড়ি থেকে বেরিয়েছেন, তাঁদের ভরসা ভিড় বাস কিংবা মেট্রো। মেট্রোতেও সকাল থেকে ভিড়।
একুশ জুলাইয়ের শহিদ সমাবেশ ঘিরে সকাল থেকেই শাসকদলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। শনিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মীরা কলকাতায় এসে পৌঁছেছেন। দলের তরফে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ধর্মতলায় একুশের মঞ্চ পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের বার্তাও দিয়েছেন তিনি।
অন্যদিকে, সল্টলেকের একটি দলীয় শিবিরে গিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে এটাই শেষ একুশে জুলাই। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যুতে শাসক শিবিরকে লাগাতার আক্রমণ করে চলেছে বিজেপি-সহ বিরোধী দলগুলি। এমতাবস্থায় শাসক শিবিরের কর্মীদের একুশের মঞ্চ থেকে মমতা কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*