পাকিস্তান ৫৫ (অলআউট)
ভারত ৫৬/৩ (৮.৪ ওভার)
(৭ উইকেটে জয়ী ভারত)
রোজদিন ডেস্ক : এশিয়া কাপে পাক বধ! সৌজন্যে এবার ভারতের মেয়েরা। হরমনপ্রীত, শ্রীচরণী, দীপ্তিদের কাছে লজ্জার হার পাকিস্তানের। কিছুটা স্লো উইকেটে ভারতের ঘূর্ণি বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করল পাকিস্তান। প্রথম ব্যাট করতে নেমে ৫৫ রানেই খেল খতম পাক ব্যাটিংয়ের। তারপর ৮.৪ ওভাবে তিন উইকেট হারিয়ে হেসেখেলে ৭ উইকেটে জিতল হরমনপ্রীতরা। শনিবার পাকিস্তান যে এভাবে আত্মসমর্পন করবে কে ভেবেছিল? তবে টসে জিতে পাক অধিনায়ক ফতিমা সানার ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তে অনেকেই তাজ্জব। বড় রান তুলে ভারতকে চাপে ফেলতে চেয়েছিলেন। হল উল্টোটা। শুরুটা মন্দ করেনি পাকিস্তান। দুই ওপেনার সাবধানে খেলে প্রথম উইকেটে তোলেন ২৭ রান। ছবিটা বদলে গেল স্পিনাররা আসতেই। পঞ্চম ওভারের তৃতীয় বলে মুনিবাকে ফিরিয়ে শুরুটা করেন শেফালি।বাকিটা শুধুই আসা, যাওয়ার পালা। শেষ পর্যন্ত মাত্র ৫৫ রানেই শেষ ফতিমাদের ইনিংস। টি-টোয়েন্টিতে এটাই পাকিস্তানের সর্বনিম্ন স্কোর। দুই ওপেনার ছাড়া আর কোনও পাক ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
৫৬ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতও। দ্বিতীয় ওভারে শেফালি (১২) ও প্রীতিকা (৪)-কে ফিরিয়ে দেন ফতিমা সানা। স্মৃতি মান্ধানা (৯) এলবিডব্লিউ হন তাঁরই বলে। তবে তারপর আর কোনও অঘটন ঘটেনি। হরমনপ্রীত ও দীপ্তি শর্মা মিলে ৮.৪ ওভারে ৫৬ রান তুলে ম্যাচ শেষ করে দেন। ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।

Be the first to comment