উত্তরকন্যা থেকে রোহিঙ্গা বাংলাদেশিদের বাছতে বিহারের মতো বাংলায় এসআইআরের দাবি শুভেন্দুর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– নির্বাচন কমিশনকে ব্যবহার করে ষড়যন্ত্র করছে বিজেপি। তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে ‘রোহিঙ্গা ও বাংলাদেশি ভোটার’ ইস্যুতে এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পালটা জবাবে এবার পশ্চিমবঙ্গেও বিহারের ন্যায় ‘এসআইআর’ বা ‘স্পেশাল ইনটেন্সিভ রিভিশন’ দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতাকে তাঁর চ্যালেঞ্জ, রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের নাম ভোটার তালিকায় থাকতে দেবেন না।
সোমবার শিলিগুড়িতে বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ছিল। সেখানেই মঞ্চ থেকে শুভেন্দু বলেন, “আমি আপনাকে (মমতা) চ্যালেঞ্জ করছি, বিহারের মতো এসআইআর চাই। বাংলাদেশ থেকে যে সব হিন্দুরা ধর্মীয় নীপিড়নের কারণে ভারতে এসেছেন, মোদিজির কাছে তাঁরা শরণার্থী, অনুপ্রবেশকারী নন। এখানে যাঁরা ভারতীয় মুসলিম আছেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের কোনও চিন্তা নেই। আমরা ভারতীয় মুসলিমদের সঙ্গে আছি। কিন্তু, রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না।”
উল্লেখ্য, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে এসআইআর চালু হয়েছে। অর্থাৎ, কমিশনের সাইট থেকে একটি ফর্ম ফিলাপ করে, তার হার্ড কপি নথি-সহ বিএলআরও-কে দিয়ে রিসিভ করাতে হবে। সেই আবেদনপত্র যাচাই করে ভোটার তালিকায় স্বচ্ছতা আনার কাজ করছে নির্বাচন কমিশন। এবার সেই একই পদ্ধতিতে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাদ দিতে এসআইআর দাবি করলেন শুভেন্দু।
পাশাপাশি, এদিন উত্তরবঙ্গ ‌থেকে আগামী বছরের বিধানসভা নির্বাচনে পর মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ করার চ্যালেঞ্জও ছুঁড়লেন রাজ্যের বিরোধী দলনেতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*