রোজদিন ডেস্ক, কলকাতা:– কোন্নগরে নৃশংসভাবে খুন হলেন তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী। বুধবার সন্ধ্যায় নিজের গ্যাস এজেন্সির অফিস থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। পিন্টুর একটি হাতের কবজি কেটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কানাইপুর ব্যবসায়ী সমিতির সভাপতি এবং স্থানীয় পঞ্চায়েতের সদস্য ছিলেন পিন্টু।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পিন্টুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
এই হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ এবং অন্যান্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কানাইপুর ফাঁড়ি ও উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনীও ঘটনাস্থলে পৌঁছায়। শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস এবং চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

Be the first to comment