রোজদিন ডেস্ক : অমিত শাহকে নিয়ে কটূক্তির অভিযোগে ছত্তীসগড়ের রায়পুরে এফআইআর দায়ের হল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। শনিবার মানা থানায় এফআইআরটি নথিভুক্ত হয়। অভিযোগ করেন বিজেপি নেতা গোপাল সামন্ত।
পুলিশ সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৯৬ ও ১৯৭ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী, এই ধারাগুলি ধর্ম, জাতি বা জন্মভূমির ভিত্তিতে বিভাজন সৃষ্টি এবং জাতীয় সংহতির পরিপন্থী বক্তব্য দেওয়ার অভিযোগের আওতায় পড়ে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিতর্কের সূত্রপাত হয় বৃহস্পতিবার, নদিয়ার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মহুয়া মৈত্রর একটি বক্তব্য নিয়ে ঝড় ওঠে। অভিযোগ, তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রোখার দায়িত্ব অমিত শাহের। আর তিনি যদি তা না পারেন, তাহলে প্রথম কাজ হবে অমিত শাহের মাথা কেটে টেবিলে রাখা।’
বিজেপি নেতা গোপাল সামন্ত অভিযোগে বলেন, ‘অত্যন্ত ভারী মনে এফআইআর দায়ের করেছি। মহুয়া মৈত্র আমারই সম্প্রদায়ভুক্ত এবং একজন সাংসদ। অথচ তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এতটা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। এটা লজ্জাজনক। যে সাংসদ এ ধরনের বিভাজনমূলক মন্তব্য করেন, তাঁর সংসদে থাকার কোনও অধিকার নেই। সমাজ থেকেও তাঁকে বয়কট করা উচিত।’

Be the first to comment