রোজদিন ডেস্ক : গত রবিবার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন চেতেশ্বর পূজারা। তাঁর আচমকা অবসর ঘোষণায় গোটি ক্রিকেট-বিশ্ব হতচকিত। বিশ্বের নানা প্রান্ত থেকে আসছে বার্তা। প্রাক্তন ক্রিকেটাররা পূজারার প্রশংসা করে তাঁর পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। এবার পূজারার কাছে এল সেই চিঠি, যা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চিঠিতে প্রধানমন্ত্রী লেখেন, “প্রিয় চেতেশ্বর, আমি সকল ধরনের ক্রিকেট থেকে তোমার অবসর নেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে জানতে পেরেছি। এই ঘোষণার পর, ভক্ত এবং ক্রিকেট ভ্রাতৃত্বের কাছ থেকে তোমার অসাধারণ অর্জনের জন্য প্রশংসার ঝড় উঠেছে। আমি একটি দুর্দান্ত ক্রিকেট কেরিয়ারের জন্য আমার আন্তরিক অভিনন্দন এবং উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।”
তিনি লেখেন, “ক্রিকেটের ছোট ফরম্যাট দ্বারা প্রভাবিত এই যুগ, কিন্তু তোমার খেলা দীর্ঘ ফরম্যাটের সৌন্দর্যের স্মারক ছিল। তোমার কেরিয়ারে অনেক ম্যাচ জিতেছ, অনেক রান করেছ। কিন্তু তোমার ব্যাটিংয়ে ক্রিকেটপ্রেমীরা যে শান্তি খুঁজে পেয়েছে, যেভাবে দল নিশ্চিন্ত হতে পেরেছে, সেটা কোনও সংখ্যা দিয়ে মাপা যায় না। তোমার অদম্য মেজাজ এবং দুর্দান্ত একাগ্রতার সঙ্গে দীর্ঘ সময় ব্যাট করার ক্ষমতা ছিল। তুমি ছিলে ভারতীয় ব্যাটিং লাইন-আপের মূল কেন্দ্র। তোমার দুরন্ত ক্রিকেট কেরিয়ার অসাধারণ দক্ষতা এবং দৃঢ়তার মুহূর্তগুলিতে পরিপূর্ণ, বিশেষ করে বিদেশের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে। উদাহরণস্বরূপ, ক্রিকেটপ্রেমীরা সবসময় অস্ট্রেলিয়ার টেস্টের মতো ঘটনাগুলি মনে রাখবেন, যখন তুমি অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক প্রথম সিরিজ জয়ের ভিত্তি স্থাপন করেছিলেন। সবচেয়ে শক্তিশালী বোলিং আক্রমণগুলির মধ্যে একটির বিরুদ্ধে দাঁড়িয়ে তুমি দেখিয়েছ, দলের দায়িত্ব নেওয়ার অর্থ কী।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চিঠির ছত্রে ছত্রে রয়েছে পূজারার স্মরণীয় কেরিয়ারের প্রশংসা। চিঠিতে মোদী উল্লেখ করেছেন, একজন আন্তর্জাতিক ক্রিকেটার হওয়া সত্ত্বেও, ৩৭ বছর বয়সি এই খেলোয়াড় প্রথম শ্রেণির ক্রিকেট খেলার জন্য কী ভাবে আগ্রহী হয়ে উঠতেন।
চিঠি পাওয়ার পর পূজারা ধন্যাবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। এবং নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে অবসর গ্রহণের জন্য একটি প্রশংসাপত্র পেয়ে আমি সম্মানিত বোধ করছি। চিঠিতে যে উষ্ণ অনুভূতি প্রকাশ করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমার দ্বিতীয় ইনিংসে আমি সেই মুহূর্তগুলি লালন করে চলেছি, যেগুলির মধ্যে রয়েছে, মাঠের প্রতিটি স্মৃতি এবং প্রাপ্ত ভালোবাসা ও প্রশংসা। ধন্যবাদ স্যার।”

Be the first to comment