উৎসবের মরসুমে বড় ঘোষণা, জিএসটি উঠছে বীমা, স্বাস্থ্য বীমায়

Spread the love

রোজদিন ডেস্ক : কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশব্যাপী উৎসবের মরসুমে জীবন বীমা, স্বাস্থ্য বীমায় জিএসটি তুলে নিল কেন্দ্রীয় সরকার। আগামী ২২ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ ঘোষণা করেন। এর ফলে আমজনতার দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে। কাকতালীয়ভাবে ২২ সেপ্টেম্বর নবরাত্রি শুরু হচ্ছে। এরপরই আসবে দুর্গাপূজা-সহ একের পর এক উৎসব।

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, দেশবাসীকে দেওয়ালির বড় উপহার দেবেন। তখন থেকেই বীমা-সহ বিভিন্ন ক্ষেত্রে জিএসটি মকুব নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এইদিন জিএসটি কাউন্সিলের বৈঠক ঘিরেও বিভিন্ন মহলে কৌতুহল তুঙ্গে ওঠে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণায় প্রত্যাশিত ভাবেই জনমানসে খুশির হাওয়া বইছে।

২০১৭ সালে জিএস টি চালু হওয়ার পর থেকেই বীমা-সহ বিভিন্ন ক্ষেত্রে এর উচ্চ হার নিয়ে আমজনতার মনে ক্ষোভ ছিল। বিশেষত বীমা, স্বাস্থ্য বীমায় জিএসটি নিয়ে বিজেপির অন্দরেও প্রশ্ন দেখা দেয়। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এই ক্ষেত্রে জিএসটি মকুবের আর্জিও জানিয়েছিলেন। এইদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণায় তাই সব মহলেই খুশির হাওয়া। শুধু আসন্ন উৎসবের মরসুমই না, বছর শেষে বিহার নির্বাচন-এও এর ভাল প্রভাব পড়বে বলে আশা কেন্দ্রের। আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন-এর প্রেক্ষিতেও কেন্দ্রের এই সিদ্ধান্ত ভাল প্রভাব ফেলার আশা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানান, জিএসটি-তে এরপর শুধুমাত্র ৫ ও ১৮ % হারে জিএসটি থাকবে। বিলাসদ্রব্য-সহ কিছু ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া উচ্চ হারে জিএসটি ও তুলে দেওয়া হচ্ছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বীমা, স্বাস্থ্য বীমায় জিএসটি মকুবের আর্জি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। এইদিন সেই খবর সামনে আসতে তৃণমূল কংগ্রেস একে সাধারণ মানুষের জয় বলে জানান। তাদের দাবি, মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে এই দাবি জানাচ্ছেন। শেষ অবধি চাপে পড়ে কেন্দ্র তা মেনে নিল।


এইদিন আরও বেশ কিছু ক্ষেত্রে জিএসটি কমানোর ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। বিশেষত ক্যান্সার-সহ বেশ কিছু ওষুধের ক্ষেত্রেও জিএসটি-র হার কমানো হয়েছে।

ক্যান্সার -এর ৩টি ওষুধ-সহ ৩৩টি জীবন দায়ী ওষুধের দাম কমায় স্বস্তি সাধারণ মহলে। এই ছাড়া ১৭৫টি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও কমবে বলে জানা গেছে।
আজই দিল্লিতে দু-দিনের জিএসটি কাউন্সিল এর বৈঠক শুরু হয়েছে। প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র।
জিএসটি-র হার কমায় রাজ্যগুলির রাজস্ব কমার আশঙ্কাও আছে। এই বিষয়ে কেন্দ্র উপযুক্ত ব্যবস্থা নেবে বলে রাজ্যগুলির আশা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*