রোজদিন ডেস্ক : বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল অসুস্থ। তাঁর মৃদু ব্রেনস্ট্রোক হয়েছে বলে ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়। গতকাল রাতে অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চটজলদি সিটি স্ক্যান করা হয়। আগামী ৪৮ ঘণ্টা চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখবেন। এখন তিনি স্থিতিশীল আছেন।
গতকাল বিধানসভায় শাসক দলের সঙ্গে বিজেপি বিধায়কদের তুমুল গোলমালে জড়িয়ে পড়েন অগ্নিমিত্রাও। অধ্যক্ষ তাঁকেও সাসপেন্ড করেছিলেন। ফ্যাশন দুনিয়ায় নামী ডিজাইনার অগ্নিমিত্রা বিজেপি বিধায়ক হিসাবেও যথেষ্ট আক্রমণাত্মক ভূমিকা নেন। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে প্রকাশ, স্নায়ুর ওপর অতিরিক্ত চাপের ফলে তাঁর এই অসুস্থতা বলে চিকিৎসকরা মনে করছেন। আগামী ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। বাইপাসের এক বেসরকারি হাসপাতালে আছেন তিনি। বিশিষ্ট স্নায়ুরোগ চিকিৎসক অমিত হালদারের নেতৃত্বে এক মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ওষুধের সাহায্যেই তিনি সুস্থ হয়ে যাবেন বলে চিকিৎসকদের আশা। পরিবারের সদস্যদের সঙ্গেও বিধায়ক কথা বলতে পারছেন বলে জানা যায়।
দলীয় বিধায়ক-এর অসুস্থতার খবরে বিজেপির অভ্যন্তরেও উদ্বেগ ছড়িয়েছে। গতকাল বিধানসভায় গোলমালের জেরে দুই বিজেপি বিধায়ক শংকর ঘোষ ও বঙ্কিম ঘোষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের নানা পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা চলছে।
কিছুদিন আগে ফুসফুসের সমস্যা নিয়েও হাসপাতালে ভর্তি হয়েছিলেন অগ্নিমিত্রা পাল। এবার তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন বলে তার পরিবার, দল, অনুগামীদের আশা।

Be the first to comment