সাতসকালে সন্তোষপুর (Santoshpur) স্টেশন আগুন, সাময়িক বন্ধ হল ট্রেন চলাচল

Spread the love

রোজদিন ডেস্ক : মঙ্গলবার সকালে  ভয়াবহ আগুন শিয়ালদহ দক্ষিণ শাখার সন্তোষপুর (Santoshpur) স্টেশনে। আগুনে স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে থাকা প্রায় ১৫টি অস্থায়ী দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। যাত্রীদের নিরাপত্তায় বজবজ শাখায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ করেছে রেল। ঘটনায় এলাকায় তুমুল আতঙ্ক ছড়িয়েছে। দমকল আপাতত যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

এদিন সকাল সাতটা নাগাদ আগুন ও ধোঁয়া দে দেখতে পান রেলযাত্রীরা। আগুন দেখে স্থানীয়রাই খবর দেন  দমকলে। তবে দমকল দেরিতে এসেছে বলে অভিযোগ। ততক্ষণে প্ল্যাটফর্মের প্রচুর ছোট দোকান পুড়ে যায়। তবে সকালের দিকে হওয়ায় অধিকাংশ দোকান বন্ধ ছিল। তাই হতাহতের কোনও ঘটনা এখনও জানা যায়নি। স্থানীয়রা বলছেন, সন্তোষপুর স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে থাকা বেশিরভাগ দোকানই প্লাস্টিক অথবা ত্রিপল দিয়ে তৈরি। ফলে দোকানগুলি খুব তাড়াতাড়ি আগুনের গ্রাসে চলে যায়। এখন পুজোর মুখে এই ঘটনায় মাথায় হাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। কিন্তু আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। তবে সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*