রোজদিন ডেস্ক : ঘড়ির কাঁটা তখনও রাত বারোটা ছোঁয়নি, তাঁকে জন্মদিনের প্রথম শুভেচ্ছা বার্তা দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। দূরভাষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান তিনি। সমাজমাধ্যমে এর জন্য তাঁকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীও।
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ভাল ফোনালাপ হয়েছে বলে নিজের সমাজমাধ্যমে জানান ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে ভারতের সমর্থনে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
“বন্ধু ট্রাম্পের” এই শুভেচ্ছা বার্তায় আপ্লুত প্রধানমন্ত্রী ও দ্রুত সমাজ মাধ্যমে তাঁকে ধন্যবাদ জানান। উভয় দেশের পারস্পরিক সুসম্পর্ক বজায় থাকবে বলে জানান।
প্রসঙ্গত বেশ কিছুদিন মার্কিন রাষ্ট্রপতির ভারতে বিপুল হারে শুল্ক ও জরিমানা আরোপ নিয়ে টানাপোড়েনের পর গত কালই দিল্লিতে দুই দেশের প্রতিনিধিদের বাণিজ্য নিয়ে আলোচনা হয়। তা অনেকটাই ইতিবাচক বলে জানা গেছে।
এই প্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রপতির ফোন পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মোদিজিও।
আজ সকাল থেকেই সারা দেশের শুভেচ্ছা বার্তার স্রোতে কার্যত ভেসে যান তিনি। রাষ্ট্র পতি দ্রৌপদী মুর্মু, জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী নেতা রাহুল গান্ধী, তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি সহ দলের মন্ত্রী, নেতারা শুধু নয়, শুভেচ্ছা জানান বলিউড এর এক গুচ্ছ অভিনেতাও।
অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরাও জন্মদিনে শুভেচ্ছা জানান তাঁকে।
প্রধানমন্ত্রীর নির্বাচন কেন্দ্র বারানসি ছিল আজ উৎসব মুখর। তাঁর ৭৫ বছরের জন্মদিনে ৭৫ কিলোর কেক কাটেন ওখানকার মেয়র।
আজ থেকে বিজেপির সেবা পক্ষ পালনের সূচনা হয়। উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, ওড়িশা, গুজরাট, রাজস্থান ইত্যাদি বিজেপি শাসিত রাজ্যগুলি ছিল উৎসব মুখর। কলকাতা-সহ এই রাজ্যেও নানা অনুষ্ঠানের মাধ্যমে তাঁর জন্মদিন পালিত হয়। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত তাঁর সম্মানে রক্তদান শিবিরের আয়োজন করেন।
শাহরুখ খান, আমীর খান, সইফ আলি খান, রাজামৌলি সহ রূপোলি জগতের বহু তারকা প্রধানমন্ত্রী কে শুভেচ্ছা জানান। পিছিয়ে ছিল না ক্রীড়া জগতও। সুনীল গাভাস্কর-সহ বহু ক্রীড়াবিদ ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে।
দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, বিশ্বের মানচিত্রে তুলে ধরতে তাঁর অনলস প্রচেষ্টা, পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা।

Be the first to comment