নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর : নদীয়া জেলার কৃষ্ণনগরে দুর্গোৎসবের আবহে এক চমকপ্রদ সৃষ্টি নজর কেড়েছে। মাত্র ১৪ বছরের এক কিশোর, সংলাপ নাথ, বাড়ির ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে গড়ে তুলেছে দুর্গা প্রতিমা।
সংলাপ কৃষ্ণনগর শহরের রাজা রোডের এক আবাসনে পরিবারের সঙ্গে থাকে। স্থানীয় একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের নবম শ্রেণির ছাত্র সে। ছোটবেলা থেকেই আঁকা-গড়ার নেশা তার ভেতর প্রবল। বাড়ির অপ্রয়োজনীয় কাগজ, কাপড় আর বাতিল থার্মোকলের থালা মিলিয়ে এক মাসের চেষ্টায় তৈরি করেছে এই প্রতিমা। এ বছর তার কাজে বাড়তি চমক যোগ করেছে প্রতিমার ব্যাকগ্রাউন্ডে যুক্ত বিশেষ আলোর সাজ, যা দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলছে শিল্পকর্মটিকে।

সংলাপের অঙ্কন শিক্ষক রাহুল কুন্ডু জানিয়েছেন, “ও ভীষণ প্রতিভাবান। সারা বছরই নানা কিছু বানিয়ে আনন্দ দেয়। আমি চাই ওর প্রতিভা আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ুক।”
উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিমাটি কোথাও পূজিত হবে না, থেকে যাবে বাড়িতেই—স্রেফ শিল্পসৃষ্টির আনন্দের নিদর্শন হিসেবে। পরিবেশবান্ধব এই উদ্যোগ দেখিয়ে দিল, কিশোরদের হাত ধরেই নতুন প্রজন্মের সৃজনশীলতা ও সচেতনতার বীজ বপন হচ্ছে কৃষ্ণনগরে।

Be the first to comment