রোজদিন ডেস্ক : সোমবার রাতের রেকর্ড বৃষ্টিতে বিদ্যুতের ছোবলে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। CESC যদি এই পরিবারগুলির পাশে না দাঁড়ায়, তবে তাঁরাই পরিবার পিছু একজনকে হোমগার্ডের কাজ দেবে বলেও তিনি জানিয়েছেন।
অন্যদিকে নেতাজিনগরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত ফল বিক্রেতার পুত্র জানান, তাঁরা কোন সরকারি সহায়তা নেবেন না। সরকারের পরিবার পিছু একজনকে কাজ দেওয়ার কোন খবরও তাঁর জানা নেই। যদি তা হয়ও, তিনি তা গ্রহণ করবেন না বলে জানিয়ে দেন। বলেন, জমা জলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যাঁরা প্রাণ হারালেন, এর জন্য নিশ্চয়ই কারিগরি ত্রুটি ছিল। যা দেখার কথা সংশ্লিষ্ট সংস্থার। এর আগেও এমন মর্মান্তিক ঘটনা হয়েছে। তবু কেন অন্য কোন সংস্থাকে বিদ্যুত সরবরাহের ভার দেওয়া হচ্ছে না, শোকার্ত পুত্র প্রশ্ন তোলেন। আরও বলেন, এই ভাবে আর কেউ যাতে প্রাণ না হারান সরকার তা দেখুক।
এই পরিবার বিজেপি নেতাদের সাহায্যর হাতও সবিনয়ে ফিরিয়ে দিয়েছেন।
এইদিন বৃষ্টির ভ্রুকুটি তেমন না থাকলেও বিস্তীর্ণ এলাকার জলবন্দি দশা এখনও কাটেনি। বহু অভিজাত আবাসনে ও জলবন্দি, নেই বিদ্যুৎ সংযোগও। অনেকে বাধ্য হয়ে অন্যত্র চলে যাচ্ছেন। রাজ্য সরকারের দাবি, যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে কাজ চলছে। বহু এলাকায় জল নেমেছে।

Be the first to comment