রোজদিন ডেস্ক : পুজোর মুখে ফের ভেসে উঠলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় জুটি। বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তাঁরা। এদিন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রায় ঘণ্টা তিনেক আলোচনা হয় তাঁদের।
আলোচনার শেষে শোভন চট্টোপাধ্যায় বলেন, এই দীর্ঘ সাক্ষাতে আমি মুগ্ধ। রাজনীতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বিভিন্ন মহলে দুপক্ষের সম্বন্ধেই বিভিন্ন গুজব ছিল। কিন্তু এদিনের আলোচনায় সব পরিষ্কার হয়ে যায়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেন তাঁরা। বৈশাখী জানান, দুই রাজনীতিবিদের আলোচনার সাক্ষী থাকলাম। আমার কাছে এটা সেরা শারদ উপহার। শোভন তৃণমূল পরিবারেই সদস্য বলে নিজেকে মনে করেন। এখন প্রশ্ন, তৃণমূলে ফিরছেন শোভন-বৈশাখীও জুটি? শোভনের কথায়, দলের কাজে আমি আগ্রহী, জানিয়ে দিয়েছি অভিষেককে। বয়স কোনও সমস্যা হবে না। অভিষেকের নির্দেশে দল যখন যেভাবে কাজে লাগাবে, আমি সেভাবে কাজ করতে আমি আগ্রহী। আমার তৃণমূলে ফেরা নিয়ে মমতাদি ও অভিষেক সিদ্ধান্ত নেবেন।

Be the first to comment