রোজদিন ডেস্ক : খুব শীঘ্রই রাজ্যের প্রাথমিক স্কুলগুলির ১৩ ৪২১টি শূণ্য পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জারি হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদে নিয়োগের বিজ্ঞপ্তি। পুজোর মুখেই এই সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
শিক্ষা মন্ত্রীর ঘোষণায় খুশির হাওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে। এরই মধ্যে বুধবার প্রকাশিত হয়েছে প্রাথমিক টেটের ফলাফল। বৃহস্পতিবার দুপুর দুটোর পর থেকে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ওএমআর শিট।
এদিন শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডেলে জানান, আসন্ন শারদীয়ায় বাংলার যুবক-যুবতীদের শিক্ষক পদপ্রার্থীদের জন্য সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৩,৪২১টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ। পুজোর পরেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সংসদ। সকল চাকরি প্রার্থীদের জন্য রইলো আগাম শুভেচ্ছা। এ বছর মোট পরীক্ষা দিয়েছেন ২,৭৩,১৪৭ জন। উত্তীর্ণ হয়েছেন ৬৭৫৪ জন। এক থেকে দশের মধ্যে রয়েছে ৬৪ জন। মূলত ওবিসি সংক্রান্ত মামলার কারণে টেটের ফল প্রকাশ করতে পারছিল না পর্ষদ। টেটের ফলপ্রকাশের পরই রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে, এমনই আশ্বাস দিয়েছিল পর্ষদ। শিক্ষা মন্ত্রীর ঘোষণায় তাতেই সিলমোহর পড়ল।

Be the first to comment