রোজদিন ডেস্ক : মৃত ভোটারের নামে এন্যুমারেশন ফর্ম জমা পড়লে সংশ্লিষ্ট পরিবারের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত এক নির্দেশে কমিশন জানিয়েছে, মৃত ব্যক্তির নামে এমন ফর্ম পূরণে যার স্বাক্ষর পাওয়া যাবে, তাঁর বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইন–এর ৩২ ধারায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই আইনে এক বছর পর্যন্ত হাজতবাস হতে পারে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, বুথ লেভেল এজেন্ট বা বিএলএ–এর দায়িত্ব হল সংশ্লিষ্ট পার্টের ড্রাফট ভোটার তালিকার নামগুলো খতিয়ে দেখা। কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছেন, তা নির্ধারণ করা নিয়ম অনুযায়ী, প্রত্যেক পার্টের জন্য একজন বিএলএ নিয়োগ করা যেতে পারে। বিএলএ হতে হলে তাঁকে সেই পার্টেরই নিবন্ধিত ভোটার হতে হবে। তবে প্রয়োজনে একই বিধানসভা কেন্দ্রের অন্য কোনও পার্টের ভোটারকেও বিএলএ হিসেবে নিয়োগ করা যেতে পারে। কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে, রাজ্যে চলা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় জনপ্রতিনিধিত্ব সংক্রান্ত আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। ‘ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চ’–এর তরফে কমিশনে অভিযোগ জানানো হয়েছে যে, দক্ষিণ কলকাতা, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে কিছু বিএলএ মৃত ভোটারদের পরিবারের হাতে ফর্ম তুলে দেওয়ার জন্য বিএলওদের ওপর চাপ তৈরি করছেন। এই পরিস্থিতিতে বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে, যদি কোনও মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়ে, তা ‘নন–রিকমেন্ডেড’ হিসেবে বিএলও অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে। তারপরও যদি সেই নাম চূড়ান্ত ভোটার তালিকায় থেকে যায়, তবে সংশ্লিষ্ট বিএলও, ইআরও এবং যিনি সেই ফর্ম পূরণ করেছেন, সকলের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment