রোজদিন ডেস্ক : বিএলও-দের নিরাপত্তা, তাঁদের দিয়ে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ না করানো সহ একাধিক দাবিতে আজ সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখায় শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।
পরে তাঁদের এক প্রতিনিধি দল সিইও মনোজ আগরওয়াল ও অতিরিক্ত সিইও দিব্যেন্দু দাসের সঙ্গে দেখা করে দাবিপত্র পেশ করেন। দুই আধিকারিকই তাঁদের বক্তব্য শোনেন, এর যৌক্তিকতাও মানেন, তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সবুজ সংকেত না মিললে কিছু করার নেই বলে জানান। তবে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের দাবিগুলি তাঁরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে পাঠাচ্ছেন বলে জানান। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী পরে জানান, বিএলও-দের ডাটা এন্ট্রি অপারেটরের কাজ না করানোর দাবি নির্বাচন দফতর আজই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানাবে।এই ছাড়া বিএলও-দের অন ডিউটি দেখানোর দাবি নিয়ে তাঁরা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। যে সব বুথে ১২০০র বেশি ভোটার, সেখানে সহযোগী দেওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে।
বিএলও-দের কেউ হতাহত হলে ক্ষতিপূরণের দাবিও গুরুত্ব দিয়ে দেখছেন তাঁরা।
কিংকর অধিকারী আরও জানান, পড়ুয়াদের স্বার্থে ভবিষ্যতে শিক্ষক শিক্ষিকা, অঙ্গনওয়াড়ি কর্মীদের বিএলও-রা কাজে নিয়োগ না করতে তাঁরা দাবি করেছেন। এর জন্য পৃথক কর্মী নিয়োগ করা হোক। বিএলও-দের ব্যক্তিগত মোবাইল ডাটা প্রকাশ্যে আনারও তাঁরা প্রতিবাদ করেন। বিএলও-দের নিরাপত্তা, ভুল হলে দোষী না করারও দাবি করেন তাঁরা। এসআইএরের সময়সীমা বৃদ্ধির আর্জিও জানিয়েছেন তাঁরা।
কিংকরবাবু বলেন, এই সব দাবি তে তাঁদের আরও ঐক্যবদ্ধ, জোরদার আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।
অন্যদিকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আজও পৃথক ভাবে বিএলও-দের হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁরা যেন শাসক দলের কথায় কাজ না করেন। ইতিমধ্যেই বেশ কয়েকজন বিএলও-র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে, এই কথা যেন সবাই মনে রাখেন।

Be the first to comment