এসআইআর আতঙ্কের বলি আরও এক মহিলা

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর আতঙ্কে সোমবার আরও একটি মৃত্যু ঘটল এ রাজ্যে। খাস কলকাতায় এসআইআর আতঙ্কে, দুশ্চিন্তায় ভুগে আত্মহননের পথ বেছে নিলেন গড়িয়া এলাকার বাসিন্দা যমুনা মণ্ডল (৬৫)। এর আগে ২০০২ সালের ভোটার তালিকায় বাবা-মায়ের নাম না দেখতে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন দমদমের বৈদ্যনাথ হাজরা। সোমবার সকালে নিজের বাড়ির কাছের একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি বাড়িতে এনুমারেশন ফর্ম না আসায় ১০-১২ দিন ধরে মারাত্মক দুশ্চিন্তায় ভুগে সোমবার গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গড়িয়া ঢালাই ব্রিজ এলাকার বাসিন্দা ষাটোর্দ্ধ যমুনা মণ্ডল। এদিন সন্ধ্যায় বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সব পাড়া-প্রতিবেশিদের বাড়িতে বিএলও-রা এনুমারেশন ফর্ম দিয়ে গেলেও এতদিন সেই ফর্ম হাতে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন গড়িয়া এলাকার যমুনা মণ্ডল (৬৫)। তাঁর ছেলে মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, প্রথমদিকে বাড়িতে এনুমারেশন ফর্ম না আসায় মা খুবই চিন্তায় ছিলেন। শনিবার ফর্ম দেওয়া হয়। কিন্তু বারবার বোঝানো সত্ত্বেও মায়ের দুশ্চিন্তা কমেনি। উল্টে আরও দুই-আড়াই মাস ধরে এসআইআর-এ হয়রানি পোহাতে হবে শুনে রীতিমতো ঘাবড়ে যান। আজ বেলার দিকে বাড়ি ফাঁকা থাকায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। বাঙ্গুর হাসপাতালে এদিন সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*