রোজদিন ডেস্ক : তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ করবেন বলে ঘোষণা করেছেন। আগামী ৬ ডিসেম্বর এর ভিত্তি প্রস্তর স্থাপন হবে বলেও জানিয়ে দিয়েছেন। শাসক দলের বিধায়ক হুমায়ুন কবিরের এই ঘোষণা নিয়ে তাঁর দলের মুখে কুলুপ।
ইতিমধ্যে যে জমিতে তিনি বাবরি মসজিদ নির্মাণের কথা বলেছেন, তার মালিক এতে বিরক্ত। তিনি ওই জমি ঘিরে দিয়েছেন। এই রকম বিতর্কিত বিষয়ে মানুষের আবেগ নিয়ে খেলা করা যায় না বলেও মন্তব্য করেছেন।
এতে অবশ্য পিছু হঠতে রাজি নয় ভরতপুরের দাপুটে টিএমসি বিধায়ক। তিনি পালটা হুঁশিয়ারি দিয়ে বলেন, মুর্শিদাবাদে ৭২% মুসলিম। রাজ্যে এই সংখ্যা ৩৭%। বাবরি মসজিদ এই জেলাতেই হবে। এমন কি কেউ আক্রমণ করলে পালটা আক্রমণও হবে বলে জানিয়েছেন।
তাঁর এই ঘোষণা ও সিদ্ধান্তকে উসকানিমূলক বলে মনে করেন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। বামপন্থী এই তরুণ আইনজীবীর অভিযোগ, এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। অবিলম্বে আদালতকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ নিয়ম মেনে তাঁকে মামলা করতে বলেন। এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানান আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। কবে এর শুনানি হবে এখনও জানা যায় নি।
অন্যদিকে টিএমসি বিধায়ক হুমায়ুন কবির আগেই দাবি করেছেন, বাবরি মসজিদ ওখানে হবেই। তা স্থাপনে তিনি বদ্ধপরিকর।
উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদ ধ্বংস করে। এর নেতৃত্বে ছিলেন বিজেপি শীর্ষ নেতা লালকৃষ্ণ আদবানি-সহ আরও অনেকে। এর জেরে দেশব্যাপী তোলপাড় ওঠে। বহু জায়গায় ভ্রাতৃঘাতী দাঙ্গা বাধে। দীর্ঘদিন পর শীর্ষ আদালতের রায়ে সেখানেই দৃষ্টি নন্দন রামমন্দির নির্মিত হয়েছে।
হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণ ঘোষণা সেই পুরানো ক্ষতে আবার শান দিয়ে সমস্যা সৃষ্টি করতে পারে বলে অভিজ্ঞ মহলের আশঙ্কা।

Be the first to comment