আজ সিইও-র সঙ্গে বৈঠকে কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : সোমবার নির্বাচন কমিশনের সদর দফতরে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও কমিশনের ফুল বেঞ্চের। পাশাপাশি থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার-সহ একাধিক শীর্ষ আধিকারিক। বৈঠকের মূল আলোচ্য বিষয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং সামগ্রিকভাবে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। তবে প্রশাসনিক মহলের মতে, এই বৈঠকের আড়ালে আর একটি বড় লক্ষ্য রয়েছে তা হল নির্বাচনের দফা সংখ্যা কমানো। নির্বাচন কমিশনের শীর্ষ মহল যেমন চাইছে, তেমনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও প্রশাসনের অন্যান্য আধিকারিকেরাও চাইছেন, এ বার রাজ্যে এক বা দুই দফাতেই নির্বাচন সম্পন্ন হোক। এই আবহেই রবিবার দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের উপস্থিতি বিশেষ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রশাসনিক সূত্রের মতে, এক দফার লক্ষ্য নিয়েই তাঁর এই দিল্লি সফর। সব মিলিয়ে ইঙ্গিত স্পষ্ট—এ বার সাত বা আট দফা নয়, এক বা বড়জোর দু’দফাতেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন করাতে চাইছে নির্বাচন কমিশন। এখন শুধু সময়ের অপেক্ষা। নির্ঘণ্ট প্রকাশ হলেই পরিষ্কার হয়ে যাবে, ঠিক কত দফায় ভোট হবে এই রাজ্যে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*