রোজদিন ডেস্ক : ভোটার পরিষেবা আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করে তুলতে নির্বাচন কমিশন ‘ইসিআই নেট’ অ্যাপটিকে ঢেলে সাজাচ্ছে। তার আগে কমিশন ভোটারদের কাছ থেকে সরাসরি মতামত জানতে চেয়েছে। নাগরিকদের ইসিআইনেট অ্যাপ ডাউনলোড করে ‘সাবমিট আ সাজেশন’ অপশনের মাধ্যমে ১০ জানুয়ারির মধ্যে নিজেদের মতামত জানাতে অনুরোধ করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসিআইনেট অ্যাপের ট্রায়াল ভার্সনে ইতিমধ্যেই একাধিক নতুন সুবিধা যুক্ত হয়েছে। এর মাধ্যমে ভোটার পরিষেবা আরও উন্নত হওয়ার পাশাপাশি ভোটের হার সংক্রান্ত তথ্য দ্রুত পাওয়া যাবে। পাশাপাশি ভোটগ্রহণ শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই ইনডেক্স কার্ড প্রকাশের সুবিধা থাকছে, যা আগে সম্পন্ন হতে সপ্তাহ কিংবা মাস লেগে যেত। বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ এবং সাম্প্রতিক উপনির্বাচনে পরীক্ষামূলক ভাবে এই অ্যাপ ব্যবহার করা হয়েছে।কমিশনের দাবি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, জেলা নির্বাচনী আধিকারিক, ইআরও, অবজারভার এবং নিচুতলার আধিকারিকদের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতেই ইসিআইনেট প্ল্যাটফর্মকে ধারাবাহিকভাবে উন্নত করা হচ্ছে। এবার নাগরিকদের দেওয়া পরামর্শ খতিয়ে দেখে অ্যাপটিকে আরও সহজ ও কার্যকর করে তোলা হবে। চলতি মাসেই ইসিনেট অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়েছে। ইসিআইনেট অ্যাপের মাধ্যমে এতদিন আলাদা আলাদা থাকা প্রায় ৪০টি নির্বাচন সংক্রান্ত অ্যাপ ও ওয়েবসাইটকে এক ছাতার তলায় আনা হয়েছে। এর মধ্যে ভোটার হেল্পলাইন অ্যাপ, সিভিজিল, সক্ষম, ভোটের হার সংক্রান্ত অ্যাপ, ‘নো ইউর ক্যান্ডিডেট’ অ্যাপ-সহ একাধিক পরিষেবা একত্রিত হয়েছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর—দু’জায়গা থেকেই এই অ্যাপ ডাউনলোড করা যাবে।

Be the first to comment