রোজদিন ডেস্ক : রাজ্য পুলিশের পরবর্তী মহানির্দেশক বা ডিজি নিয়োগকে কেন্দ্র করে বড়সড় প্রশাসনিক ও আইনি জটিলতা তৈরি হয়েছে। পরবর্তী মহানির্দেশকের নাম প্রস্তাব করে রাজ্য সরকারের পাঠানো প্যানেল এমপ্যানেলমেন্ট কমিটির কাছে পাঠানো হয়েছিল, তা ফেরত পাঠিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। পাশাপাশি ইউপিএসসির তরফে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে পাঠানো চিঠিতে ডিজি পদে রাজীব কুমারের নিয়োগ নিয়েও একাধিক প্রশ্ন তোলা হয়েছে। প্রশাসনিক সূত্রের মত, এই চিঠির পর নতুন ডিজিপি নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে তাই নয়, বর্তমান ডিজিপি রাজীব কুমারকে বেছে নেওয়ার পুরো প্রক্রিয়াই নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। চিঠিতে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে যে, ডিজি নিয়োগ সংক্রান্ত প্রস্তাব ও নথিতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা ও ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নির্ধারিত গাইডলাইন ঠিক ভাবে মানা হয়েছে কি না, সেই বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই অবস্থায় রাজ্যকে নতুন করে প্রস্তাব পাঠানোর ইঙ্গিতও দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে দিল্লির সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটের সাম্প্রতিক নির্দেশও সামনে এসেছে। গত ১৬ ডিসেম্বর ট্রাইব্যুনাল স্পষ্ট জানিয়েছে, পশ্চিমবঙ্গের ডিজি পদ শূন্য হয় ২০২৩ সালের ২৭ ডিসেম্বর। পদ্ধতি মেনে ইউপিএসসির এমপ্যানেলমেন্ট কমিটির কাছে রাজ্যের প্রস্তাব পাঠানোর কথা ছিল অন্তত তারও তিন মাস আগে। কিন্তু তার করা হয়নি। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ, প্রশাসনিক দেরির কারণে কোনও যোগ্য অফিসারের ডিজি পদে বিবেচিত হওয়ার অধিকার খর্ব করা যায় না। বিশেষ করে যাঁদের অবসর আসন্ন, তাঁদের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি বলে মনে করে ট্রাইব্যুনাল।

Be the first to comment