রোজদিন ডেস্ক : শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়ার বিধাননগরে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আজ আচমকা নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে গুলি ছুটে এক নাবালিকা সহ পাঁচ জন আহত হয়।
আজ সকাল ১১ টার কিছু পরে গ্রাহকদের ভিড়ে ঠাসা ব্যাঙ্কে আচমকা এই ঘটনায় প্রবল উত্তেজনা দেখা দেয়। পুলিশ সূত্রের খবর, ব্যাঙ্কের নিরাপত্তা রক্ষী মানিক রায় এক গ্রাহককে সহায়তা করতে গিয়ে তাঁর গুলিভরা বন্দুকটি মেঝেতে দাঁড় করিয়ে রাখেন। আচমকাই বন্দুকটি মাটিতে পড়ে গিয়ে একের পর এক গুলি বেরিয়ে আসে। এর ফলে নাবালিকা সোনালি নাগ (১৪), মেরি নাগ (৩৭), মহম্মদ নুরুল হক (৩৫), সঞ্জিতা পাহান (৪১) ও বিপ্লব সিংহ রায় (৩০) আহত হন। এই ঘটনায় ব্যাঙ্কে তুমুল উত্তেজনা দেখা দেয়। রক্তাক্ত, আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রশ্ন ওঠে ব্যাঙ্কের ভূমিকা নিয়েও। অল ইন্ডিয়া ব্যাঙ্ক কর্মী ফেডারেশনের সহ সভাপতি লক্ষ্মী মাহাতো এই ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করে বলেন, এক বেসরকারি সংস্থার মাধ্যমে এই নিরাপত্তারক্ষীকে নিয়োগ করা হয়। এই বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ মুখ খোলেননি।

Be the first to comment