রোজদিন ডেস্ক : ৮ জানুয়ারি বৃহস্পতিবার স্টুডেন্টস উইকের শেষদিনে একাদশ শ্রেণির ৮ লক্ষ ৫০ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা পৌঁছে দেওয়ার ঘোষণা করা হল। একইসঙ্গে এদিন জাতীয় স্তরের স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেওয়া ১৯৭ জন পড়ুয়াকেও পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগিতায় এবার বাংলার স্থান সপ্তম। বৃহস্পতিবার সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, স্টুডেন্ট উইক সমাপ্তি অনুষ্ঠানে শুধু খেলাধুলায় ভাল ফল করা পড়ুয়াদের পুরস্কৃত করা হয় না, তার পাশাপাশি তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হচ্ছে । মোট ৮ লক্ষ ৫০ জন পড়ুয়াকে ট্যাব দিতে সরকারের খরচ হয়েছে ৮৫০ কোটি টাকা। এর মধ্যে কারিগরি বিভাগের পড়ুয়া রয়েছে প্রায় ৪০ হাজার। জাতীয় স্তরে স্কুল প্রতিযোগিতায় ৪১টি বিভাগের মধ্যে বাংলার পড়ুয়ারা ২৯টি বিভাগে যোগ দিয়েছিল। তার মধ্যে ২৫ জন পড়ুয়া সোনা পেয়েছে। এছাড়াও মোট ২৭৭টি পদক জিতেছে রাজ্যের পড়ুয়ারা। জয়ীদের পদকের উপর ভিত্তি করে যথাক্রমে ১৫,০০০, ১০,০০০ ও ৭,০০০ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।

Be the first to comment