মুম্বাইয়ে লোকাল ট্রেনে ছুরিকাঘাতে অধ্যাপকের মৃত্যু, গ্রেফতার আততায়ী

Spread the love

রোজদিন ডেস্ক : মুম্বাই-এ লোকাল ট্রেনে সামান্য বচসার জেরে প্রাণ হারালেন তরুণ অধ্যাপক অলোক কুমার সিং (৩৩), হাড়হিম এই ঘটনায় পুলিশ আজ আততায়ী ওঙ্কার শিন্ডে (২৭) কে গ্রেফতার করেছে।
সূত্রের খবর, মালাড স্টেশনে ট্রেন প্রবেশের মুখে এই ঘটনা হয়। নিহত অধ্যাপকের ওই স্টেশনে নামার কথা ছিল। তা নিয়ে সহযাত্রীর সঙ্গে সামান্য বচসার জেরে তাঁকে দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। ট্রেন মালাড স্টেশনে প্রবেশ করলে অভিযুক্ত ওঙ্কার তরুণ অধ্যাপককে ছুরিকাঘাত করে, এই নিয়ে প্রবল উত্তেজনার মাঝে সে পালিয়ে যায়। গুরুতর আহত অশোক কুমার সিং-কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন তিনি শেষ নিশ্বাস ফেলেন। পুলিশ সিসিটিভি-তে আততায়ীকে সনাক্ত করে খুঁজে বার করে। তার বিরুদ্ধে কোন অপরাধের কোন রেকর্ড না থাকলেও কিভাবে সে চলন্ত ট্রেনে এই ভাবে একজনকে ছুরিকাঘাত করলো, এতে পুলিশ বিস্মিত।
নিহত অশোক কুমার সিং উত্তর প্রদেশে থেকে এসেছিলেন। এক বেসরকারি কলেজে তিনি পড়াতেন। মাত্র দু-বছর আগে তিনি বিয়ে করেন।
মুম্বাইয়ে লোকাল ট্রেনে প্রচন্ড ভিড়, যাত্রীদের বচসা ইত্যাদি নিত্যকার ঘটনা হয়ে উঠেছে বলে অভিযোগ। এই মর্মান্তিক ঘটনা তারই প্রতিফলন বলে স্থানীয় মানুষ মনে করেন।
গত বছর চলন্ত ট্রেনে দুই মহিলার মারামারির ভিডিও সমাজমাধ্যমে এসেছিল। ট্রেনে ওঠার জন্য এক মহিলা অপরজনকে কনুই দিয়ে ঠেলা মারলে ধুন্ধুমার বাধে।
এবার তরুণ অধ্যাপকের হত্যায় নিত্য যাত্রীরা উদ্বিগ্ন, শঙ্কিতও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*