রোজদিন ডেস্ক : জায়গার তুলনায় বেশি সংখ্যায় বন্দি। এটাই রাজ্যের সংশোধনাগারগুলির চেনা ছবি। এর সঙ্গে রাজ্যের সংশোধনাগারগুলি থেকে বন্দি মুক্তি নিয়ে কারা বিভাগের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই সংক্রান্ত এক মামলায় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, আদালতের একের পর এক নির্দেশের পরও কি রাজ্যের সংশোধনাগারগুলিতে বন্দি রাখার জায়গা বেড়েছে? তাঁদের প্রাথমিক পর্যবেক্ষণে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালতের নির্দেশের পরেও সংশ্লিষ্ট বিভাগের কোনও প্রতিনিধি বিচার বিভাগের সঙ্গে বৈঠকে হাজির ছিল না। আমরা আবার ডেট দেবো, ফের রাজ্যের প্রতিনিধি গরহাজির থাকবেন, এটাই চলছে। তাই এবার রাজ্য নিজে বৈঠকের সিদ্ধান্ত নিক। আগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে নিয়ে সমস্যার সমাধান করুন। তারপরে হবে বাকিটা। আর যদি সেটা না হয় তাহলে পদক্ষেপ নেওয়া হোক। এদিন রাজ্য জানায়, বারুইপুর সংশোধনাগারে বন্দিদের থাকার কিছুটা জায়গা বেড়েছে। জবাবে ডিভিশন বেঞ্চ জানায়, আমরা এবার বাস্তবটা খতিয়ে দেখবো। যদি দেখি ১ হাজার ক্যাপাসিটিতে ৩ হাজার বন্দি আছে, তাহলে আমরা স্বতঃপ্রণোদিত মামলা করে সবাইকে জামিন দিয়ে দেবো। কারণ নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। এদিন আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করে আদালত। আজ বুধবার মামলার ফের শুনানি হবে। ওইদিন সংশোধনাগারগুলিতে পর্যাপ্ত জায়গার অভাব নিয়ে রাজ্য কী পদক্ষেপ নিয়েছে তা আদালতকে জানাতে হবে।

Be the first to comment