এসআইআর শুনানি কেন্দ্রে যাওয়ার পথে উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, স্বামী, দুই সন্তানকে হারিয়ে গুরুতর আহত সামিনা বেগম

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর শুনানি কেন্দ্রে যাওয়ার পথে উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় দুই শিশু-সহ তিন জন প্রাণ হারালেন। স্বামী, দুই শিশু সন্তানকে হারিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন সামিনা বেগম। সুস্থ হলে তাঁকে কিভাবে এই মর্মান্তিক কথা জানাবেন, তা ভেবে পাচ্ছেন না পরিজন, প্রতিবেশীরা।
আজ সকালে এই ভয়ংকর দুর্ঘটনার সাক্ষী হল হাওড়ার উলুবেড়িয়ার ১৬ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে প্রকাশ, মা-বাবার বাড়ির এলাকায় এসআইআরের শুনানি কেন্দ্রে যাচ্ছিলেন সামিনা বেগম। সঙ্গে ছিলেন স্বামী শেখ সিরাজ (৩৫), দুই পুত্র-কন্যা শেখ হিরাজ (৭) ও সঞ্জনা খাতুন (৪)।
স্বামীর মোটর বাইকে সাঁকরাইল থেকে বাগনানে যাওয়ার পথে আচমকা উলুবেড়িয়া চেক পোস্টের কাছে একটি গাড়ি সামনে চলে আসে। শেখ সিরাজ গাড়িটি পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই তিন জন প্রাণ হারান। গুরুতর আহত সামিনাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে কলকাতার একটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*