রোজদিন ডেস্ক : মাধ্যমিক-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়ে শিক্ষকেরা শুধুমাত্র স্কুল ও পরীক্ষা সংক্রান্ত কাজেই মনোনিবেশ করবেন। কোনও অবস্থাতেই তাঁদের ওপর নির্বাচনী দায়দায়িত্ব চাপানো যাবে না৷ আর্জি জানালো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এই নিয়ে ইতিমধ্যেই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছেন। ভোটার তালিকার স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন চলছে। অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে বহু শিক্ষককে বিএলও পদে নিয়োগ করা হয়েছে, যার ফলে পরীক্ষা-ব্যবস্থা ব্যাহত হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তাই পরীক্ষা চলাকালীন শিক্ষকদের স্কুলে উপস্থিতি যাতে ঠিক থাকে সেই নিয়েই চিঠি দিলেন পর্ষদ সভাপতি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষকেরা পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র সংরক্ষণ, পরীক্ষাকেন্দ্রে নজরদারি এবং পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকেন। নির্বাচনী কাজে ব্যস্ত থাকলে এই দায়িত্ব ঠিকভাবে পালন করা সম্ভব হবে না। তাই রাজ্যের ২৩টি জেলার শিক্ষকেরা পরীক্ষার দিন বিকেল সাড়ে চারটে পর্যন্ত বিএলও দায়িত্ব থেকে মুক্ত থাকবেন। পর্ষদের যুক্তি, শিক্ষকদের পেশাগত কাজে ক্ষতি না করে নির্বাচনী কাজে ব্যবহার করা উচিত। কমিশনের নির্দেশিকাও স্পষ্ট, শিক্ষকদের ছুটির দিন বা পরীক্ষার পরেই বিএলওর কাজে নিয়োগ দিতে হবে।পরীক্ষার সময়ের পরে বা শুধুমাত্র ছুটির দিনে শিক্ষকদের নির্বাচন-কাজে ব্যবহার করতে হবে।

Be the first to comment