ভোটের আগে নবদ্বীপে অজ্ঞাতপরিচয় মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

Spread the love

রমিত সরকার, নবদ্বীপ :
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নদীয়ার নবদ্বীপে অজ্ঞাতপরিচয় এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। নির্বাচন ঘনিয়ে আসার আবহে এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ ভোরে নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল্ট আপ স্টেশন সংলগ্ন একটি মদের দোকানের পিছনে ঝোপঝাড়ের মধ্যে পড়ে থাকতে দেখা যায় মহিলার দেহ। স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে প্রথমে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালের পুলিশ মর্গে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মৃত মহিলার বয়স আনুমানিক ৪৫ বছর। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি। দেহ উদ্ধারের সময় মহিলার পরনে যথাযথ পোশাক না থাকায় ঘটনার প্রকৃতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি খুন নাকি অন্য কোনও কারণে মৃত্যু—তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার জেরে নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় ভিড় জমে যায় স্থানীয়দের। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তদন্ত শুরু করেছে।

নির্বাচনের আগে এই ধরনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে নবদ্বীপ থানার পুলিশ, এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*